ইন্দোরের অভিষেকে কোহলির দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর বিরাট কোহলির উদ্‌যাপন l এএফপি
সেঞ্চুরির পর বিরাট কোহলির উদ্‌যাপন l এএফপি

ম্যাট হেনরির বলটা অফ সাইডে ঠেলে দিয়েই দৌড়। ফিল্ডারের সরাসরি থ্রোতে ভেঙে গেল স্টাম্প। পুরো মাঠে তখন বিভ্রান্তি, সেঞ্চুরি কি হলো বিরাট কোহলির? নাকি ৯৯ রানেই আটকা পড়লেন ভারত অধিনায়ক? এ সিরিজে যে বারবার আটকা পড়ছিলেন ৯ সংখ্যাটির গুণিতকে! কিন্তু কোহলির চওড়া হাসি বুঝিয়ে দিল আর এ রকম কিছু হচ্ছে না এবার, সেঞ্চুরিটা পাচ্ছেনই। টিভি রিপ্লেও নিশ্চিত করল, ২০১৩ সালের পর অবশেষে ঘরের মাঠে টেস্ট সেঞ্চুরি পেলেন কোহলি।
সর্বশেষ সেঞ্চুরিটি জুলাই মাসেই পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ার-সেরা ২০০ রান। কিন্তু এরপরই কোহলি রান পাচ্ছিলেন না। ৭ ইনিংসে কোনো ফিফটি নেই। চারবার আউট হয়েছেন দুই অঙ্কের নিচে। কাল তাই কোহলি কী করেন, সেটা নিয়ে আগ্রহ ছিল সবার।
উপলক্ষটাও ছিল দারুণ। টেস্ট ভেন্যু হিসেবে কালই যাত্রা শুরু হলো ইন্দোরের। এমন উপলক্ষে মাঠ ভরে উঠেছিল দর্শকে। কানায় কানায় ভরা গ্যালারি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অকুণ্ঠ সমর্থন দিয়ে গেল কোহলিদের। তাতেই ১০০ রানে ৩ উইকেট হারানোর পরও দিন শেষে হাসিমুখেই মাঠ ছাড়তে পারলেন কোহলি।
মাঠ ছাড়ার সময় তাঁর সঙ্গী ছিলেন অজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেটজুটিতে এই দুজনের অপরাজিত ১৬৭ রানই প্রথম দিনে চালকের আসনে বসিয়ে দিয়েছে ভারতকে। তবে গল্পটি অন্য রকমও হতে পারত। নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও জিতান প্যাটেল প্রথম দিনের উইকেটেই দারুণ বোলিং করছিলেন। ম্যাট হেনরি ও জিমি নিশামের বাউন্সারে বেশ কয়েকবারই আউট হওয়ার সুযোগ দিয়েছেন রাহানে। কিন্তু সময় যত গড়িয়েছে, ধীরে ধীরে থিতু হয়েছেন। অন্য প্রান্তে কোহলি তো ছিলেনই আস্থার প্রতিমূর্তি—দারুণ পায়ের কাজ ও স্ট্রোকের দ্যুতিতে সব চাপ দূর করে প্রথম দিনে এগিয়ে রাখলেন দলকে।
তবে গৌতম গম্ভীরের জন্য হতাশার যে, দুই বছর পর টেস্ট খেলতে নেমে প্রথম ২০ বলেই ২৪ করেও আউট হয়েছেন মাত্র ২৯ রানে। ক্রিকইনফো।