ইবাদতকে হারিয়ে আইসিসির মাসসেরা পিটারসেন

কিগান পিটারসেনছবি : টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নের মতো এক স্পেল ছিল ইবাদত হোসেনের। নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে যেকোনো সংস্করণেই এটি প্রথম জয় ছিল বাংলাদেশের। সে টেস্টে ৪৬ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন ইবাদত। সিরিজে ২৯.৩৩ গড়ে ৯ উইকেট নিয়েছিলেন এ ডানহাতি।


দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কিগান পিটারসেনও কম যাননি। ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে টেস্ট সিরিজে অসাধারণ খেলেছেন। প্রথম টেস্ট হারলেও তিন ম্যাচের সিরিজের পরের দুই টেস্ট জিতে সিরিজ পকেটে পুরেছে প্রোটিয়ারা।

জানুয়ারিতে আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ইবাদত হোসেন
ছবি: এএফপি

দ্বিতীয় টেস্টে অর্ধশতক পেয়েছেন একটি। তৃতীয় টেস্টে পেয়েছেন জোড়া অর্ধশতক। ২৭৬ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন পিটারসেন। শেষমেশ দলগত অর্জনই পিটারসেনের হাতে এনে দিল আইসিসির মাসসেরার পুরস্কার।

জানুয়ারির সেরা খেলোয়াড় হিসেবে ভোটাভুটিতে ইবাদতকে হারিয়ে পুরস্কার জিতে নিয়েছেন ২৮ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যান।

শুধু ইবাদতই নন, পিটারসেনের কাছে হেরেছেন তাঁরই স্বদেশি, দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের তারকা ডেভাল্ড ব্রেভিস।

ব্রেভিসের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ গেছে স্বপ্নের মতো। এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে দারুণ মিলের কারণে ‘বেবি এবি’ নাম পাওয়া অলরাউন্ডার হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ৮৪.৩৩ গড়ে রেকর্ড ৫০৬ রান করেন তিনি। এক যুব বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। বিশ্বকাপে দুটি শতকের সঙ্গে রয়েছে তিনটি অর্ধশতক, সঙ্গে ২৮.৫৭ গড়ে নিয়েছেন ৭ উইকেট।

নারীদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হিদার নাইট। লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু ও ওয়েস্ট ইন্ডিজের দিয়ান্দ্রা ডটিনকে হারিয়ে পুরস্কারটা নিজের করে নিয়েছেন তিনি। নারীদের অ্যাশেজ সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন নাইট।