ইবাদতের সঙ্গী ডোনাল্ডের চার ‘পি’
ইবাদত হোসেন যেন সবার চেয়ে আলাদা। সবাই বারবার ঘাড় ঘুরিয়ে যেটা দেখে অনুপ্রাণিত হতে চাইছেন, ইবাদত সেদিকে তাকাচ্ছেন না। তাঁর কাছে মাউন্ট মঙ্গানুইয়ের স্মৃতি একটা অতীত মাত্র।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে কাল থেকে শুরু হচ্ছে দুই টেস্টের সিরিজ। আর এ সিরিজে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা নিউজিল্যান্ডকে হারানো মাউন্ট মঙ্গানুই টেস্ট। এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটির সেই আনন্দের স্মৃতিটা বারবার ফিরে আসছে দক্ষিণ আফ্রিকায়। অথচ দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে সেই টেস্টের জয়ের নায়ক ইবাদতই কিনা বলছেন ভিন্ন কথা!
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের প্রসঙ্গ তুলতেই আজ ইবাদত কথা কেড়ে নিলেন, ‘দেখুন, মাউন্ট মঙ্গানুইয়ের ব্যাপারটা এখন অতীত। ওখানে জিতেছি, সেই আত্মবিশ্বাসটা নিয়ে এখানে এসেছি। আমরা ফাস্ট বোলাররা ভালো করেছি, আমাদের ব্যাটসম্যানরাও ভালো করছে। কিন্তু ওই জয় এখন অতীত। আমরা শুধু আত্মবিশ্বাসটাই নিয়ে এসেছি।’
একই আত্মবিশ্বাস তিনি নিতে চান দক্ষিণ আফ্রিকার মাটিতে এবারই পাওয়া প্রথম ওয়ানডে সিরিজ জয় থেকেও। কাজেই মাউন্ট মঙ্গানুই এখন আর বিমানবাহিনীর এই সৈনিকের কাছে আলাদা কিছু নয়।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডেই অভিষেক টেস্ট খেলা ইবাদতের ১২ টেস্টের ক্যারিয়ারে মাউন্ট মঙ্গানুই টেস্টকে বড় একটা মোড় হিসেবেই ধরতে হবে। ওই টেস্টের আগে ১০ টেস্ট খেলে তাঁর উইকেট ছিল মাত্র ১১টি। এরপর দ্বিতীয় ইনিংসের ৬ উইকেটসহ ওই এক টেস্টেই ইবাদত নিয়েছেন ৭ উইকেট, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। সাকিব–তামিমকে ছাড়াই বাংলাদেশ পেয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়। ক্রাইস্টচার্চের পরের টেস্টে ২ উইকেট নিয়ে টেস্টে ইবাদতের উইকেট সংখ্যা এখন দাঁড়িয়েছে ২০।
উনি চারটা জিনিসের ওপর জোর দিতে বলেছেন, চারটা “পি”র কথা বলেছেন—পেশেন্স, পারসিসটেন্স, পারসিভারেন্স এবং প্যাশন
মাউন্ট মঙ্গানুইয়ে যদি তাঁর ক্যারিয়ারের নতুন সূর্যোদয় ঘটে থাকে; ডারবান–পোর্ট এলিজাবেথের এবারের টেস্ট দুটি ইবাদতের জন্য হয়ে আসছে নিজেকে আরও আলোকিত করার সুযোগ হয়ে। আর তাতে এই পেসার পাশে পাচ্ছেন এমন একজনকে, যাঁর ছায়া আশীর্বাদ হতে পারে বিশ্বের যেকোনো পেসারের জন্যই।
হ্যাঁ, বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কথাই বলা হচ্ছে। পেসারদের কানে দক্ষিণ আফ্রিকার উইকেটে বল হাতে সাফল্য পাওয়ার মন্ত্র পড়ে দিচ্ছেন দক্ষিণ আফ্রিকারই এই সাবেক ফাস্ট বোলার।
ইবাদত বলছিলেন, ‘ডোনাল্ড ধৈর্য ধরার ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি নিজে যেমন ধৈর্য ধরে সারা দিন বোলিং করতেন, সেটার ওপরই বেশি প্রাধান্য দিচ্ছেন। উনি চারটা জিনিসের ওপর জোর দিতে বলেছেন, চারটা “পি”র কথা বলেছেন—পেশেন্স, পারসিসটেন্স, পারসিভারেন্স এবং প্যাশন (ধৈর্য, অধ্যবসায়, কঠিনকে জয় করার প্রতিজ্ঞা এবং আবেগ)। বলেছেন, ধৈর্য ধরে বোলিং করতে পারলে আমরা সাফল্য পাব।’
ডারবানের উইকেট সম্পর্কেও ডোনাল্ডের কাছ থেকে ভালো ধারণা পেয়েছেন ইবাদত, ‘অ্যালানের (ডোনাল্ড) সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি, উইকেট কেমন হবে। উনি বলেছেন, এখানে একটু বাউন্স থাকবে। তবে প্রথম দিকে বল একটু ধীরে যাবে।’
আর তাতে মাউন্ট মঙ্গানুইয়ের উইকেটের সঙ্গে এখানকার উইকেটের একটা পার্থক্যও যেন বেরিয়ে আসছে। ইবাদত বলছিলেন, ‘মাউন্ট মঙ্গানুইয়ে একটা সময় উইকেট আমাদের দেশের মতোই ফ্ল্যাট হয়ে গিয়েছিল। তাই দেশে যেভাবে বোলিং করতাম, সেভাবেই করেছিলাম। জানি না এখানে কেমন হবে। দেখা যাক কী হয়।’
ডোনাল্ডের চার ‘পি’কে সঙ্গী করে ইবাদত এবার নতুন কী দেখান, এখন সেটিই দেখার অপেক্ষা।