ইমতিয়াজেই জয় দোলেশ্বরের

এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি রান তাঁর। সর্বোচ্চ দুটি সেঞ্চুরিও। আজও ইমতিয়াজ হোসেনের ব্যাটেই আরও একবার সওয়ার প্রাইম দোলেশ্বর। কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে তাঁর ৮৬ রানের ইনিংসেই দোলেশ্বর ২৮৭ করতে পেরেছে।
বড় রান তাড়া করে কলাবাগানের দুই ওপেনার ৪৮ রান তুলে ফেলেছিলেন। কিন্তু ৫৬ রানের মধ্যেই পড়ে যায় ২ উইকেট। ৫৭ রানে আহত হয়ে মাঠ থেকে ফিরে যান মাহমুদুল হাসান। এরপর ৭৩ রানে ফিরে যান আরেক ওপেনার মাইশুকুরও। শেষ পর্যন্ত ২১ ওভারে ৯৮ রান তোলার পর বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে যায় খেলা। শেষ পর্যন্ত ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪৯ রানের জয় পায় দোলেশ্বর।
ব্যাট করতে নেমে ইমতিয়াজ শুরু থেকেই আগ্রাসী ছিলেন। ফিফটি পূরণ করেছেন ৪৫ বলে, এর মধ্যে আবু জায়েদ ও বিশ্বনাথ হালদারের বলে দুটি ছক্কাও মেরে ফেলেছেন। সেঞ্চুরিটাও পেয়ে যেতে পারতেন, কিন্তু ৮৬ রানের মাথায় নুর হোসেনের বলে আউট হয়ে যান। ততক্ষণে ওই দুটি ছক্কার সঙ্গে ছয়টি চারও মেরেছেন। প্রিমিয়ার লিগে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০ রানের মাইলফলক থেকে ১০ রান দূরেই তাই থেমে যেতে হলো।
রবিউল ইসলামের সঙ্গে মিলে ওপেনিংয়েই ১১২ রানের জুটি গড়েছিলেন ইমতিয়াজ। এরপর রকিবুল হাসান করেছেন ৬৬ রান। শেষ দিকে ফরহাদ রেজা ১৫ বলে চারটি ছক্কায় করেছেন ৩৪। প্রাইম দোলেশ্বর ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে করেছেন ২৮৭।