
১৯৭১ সালের জুন মাস। এর ঠিক তিন মাস আগে থেকেই ঢাকায় ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞে মেতেছিল পাকিস্তানি সেনাবাহিনী। নিজ দেশের একটি অংশের সাধারণ মানুষের ওপর নারকীয় অত্যাচারে মত্ত পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা হতবাক করে দিয়েছিল বিশ্বের বিবেকবান মানুষদের। কেবল বাঙালি হওয়ার অপরাধে পাকিস্তানি সেনাবাহিনীর নির্বিচার নিধনের শিকার, সে সময় পাকিস্তান ক্রিকেট দল টেস্ট খেলতে পা রেখেছিল ইংল্যান্ড।
ইংল্যান্ড-প্রবাসী বাঙালিরা সেদিন নিয়মতান্ত্রিক প্রতিবাদের মধ্য দিয়ে পাকিস্তানি রাষ্ট্রের এই নৃশংসতার বিরুদ্ধে জানিয়েছিল নিজেদের অনাস্থা। ইংরেজরা জেনেছিল, কত বড় অন্যায় পাকিস্তানিরা বাংলার মাটিতে করছে। ইন্তিখাব আলমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল কি আয়নায় নিজেদের মুখ দেখে হয়েছিল বিব্রত, লজ্জিত?
এই প্রতিবাদে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়েছিলেন তিনি। ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অধিবেশনে যোগ দিতে জেনেভায় গিয়েছিলেন। জেনেভায় থাকতেই পাকিস্তানি হানাদার বাহিনী সূত্রপাত করেছিল ইতিহাসের নিষ্ঠুরতম অধ্যায়ের। ১৯৭১ সালের মার্চে ছাত্র আন্দোলনের ওপর সেনা ও পুলিশের গুলি চালানোর প্রতিবাদে ১৫ মার্চ উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন বিচারপতি আবু সাঈদ। প্রাদেশিক শিক্ষাসচিবকে লেখা এক চিঠিতে তিনি বলেছিলেন, ‘আমার নিরস্ত্র ছাত্রদের ওপর গুলি চালানোর পর আমার উপাচার্যের পদে থাকার যুক্তিসংগত কোনো কারণ থাকতে পারে না। তাই আমি পদত্যাগ করলাম।’
এই মানুষটিই ২৫ মার্চের কালরাত্রির পর মানবাধিকার কমিশনের সভায় পাকিস্তানিদের হত্যাযজ্ঞের কথা উল্লেখ করে সে সভা ত্যাগ করেন। দেশের স্বাধিকারের পক্ষে লড়াইয়ের সংকল্প ব্যক্ত করে ফিরে যান লন্ডনে। লন্ডনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে তাঁর ভূমিকা প্রবাদতূল্য।
লন্ডনে প্রচুর বাধা-বিপত্তির মুখোমুখি তাঁকে হতে হয়েছে। তাঁকে হত্যা ও গুম করার জন্য কিলিং স্কোয়াডও তৈরি হয়েছিল বলে জানা যায়। ব্রিটেনের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক থাকার পরেও সেখানে কথা বলা ও ভাবনার স্বাধীনতা তিনি পেয়েছিলেন। সে সুযোগটাই কাজে লাগিয়েছিলেন দেশের জন্য। নিজের জীবন বিপন্ন জেনে তিনি একবার বলেছিলেন, ‘লন্ডনের রাস্তায় আমার শবদেহ পড়ে থাকবে তবুও পাকিস্তানের সঙ্গে আপস করে দেশে ফিরব না।’
আবু সাঈদ চৌধুরীর সঙ্গে ছিলেন ইংল্যান্ড প্রবাসী বাঙালিরা—নিজ জাতির দুঃসময়ে যাদের হৃদয়ে চলছিল রক্তক্ষরণ। প্রবাসীরা নিজ নিজ জায়গা থেকে অথবা বিভিন্ন সংগঠন গড়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে চালিয়ে গিয়েছেন আন্দোলন। ১৯৭১ সালের জুন মাসে প্রবাসীরা মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যেকোনো মূল্যে পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড সফর পণ্ড করে দেওয়ার।
আবু সাঈদ চৌধুরী তাঁর ‘প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি’তে এই সময়ের বর্ণনা দিয়েছেন। সে সময় সিদ্ধান্ত হয়, টেস্ট ম্যাচগুলোতে মাঠের বিভিন্ন প্রবেশপথে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করার। পাকিস্তান দলকে বয়কট কিংবা টেস্ট ম্যাচ পণ্ড করে দেওয়ার চাইতে ম্যাচ দেখতে আসা হাজার হাজার দর্শককে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতার ব্যাপারটি জানানোই সঠিক পদক্ষেপ।
সে সফরে তিনটি টেস্ট অনুষ্ঠিত হয়েছিল এজবাস্টন, লর্ডস ও হেডিংলিতে। পাকিস্তান দলের খেলোয়াড়দের নাম বলা হয়েছে। রে ইলিংওয়ার্থের নেতৃত্বে ইংলিশ দলে ছিলেন বাসিল ডি’অলিভিয়েরা, কলিন কাউড্রে, অ্যালান নট, ডেরেক আন্ডারউড, ডেনিস অ্যামিসরা। তিনটি ভেন্যুতে প্রবাসী বাঙালিরা গ্যালারির প্রবেশমুখে দাঁড়িয়ে দর্শকদের প্রচারপত্র বিলি করেছেন। সেখানে লেখা ছিল পূর্ব পাকিস্তানে বাঙালি হত্যাযজ্ঞের কথা।
ব্যাপারটি খুব সহজ ছিল না। প্রবাসী পাকিস্তানিদের দিক দিয়ে হুমকি ছিল। হুমকি ছিল যেকোনো ধরনের স্যাবোটাজের। প্রচারপত্র বিলি করার সময় শঙ্কা ছিল পাকিস্তানিরা ঝামেলা সৃষ্টি করে পুরো ঘটনার দোষ বাঙালিদের ওপর চাপিয়ে দিতে পারে। ব্যাপারটি নিয়ে ভেবেছিলেন আবু সাঈদ চৌধুরী। আশঙ্কা করছিলেন, প্রচারপত্র বিলির সময় যদি পাকিস্তানিরা বাঙালিদের বাধা দেয়, তাহলে শান্তি বিনষ্টের অজুহাত দেখিয়ে লন্ডন পুলিশ এই প্রতিবাদ বন্ধ করে দিতে পারে।
আবু সাঈদ চৌধুরী পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সোজা জানিয়ে দেন, নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রতিবাদে যদি পাকিস্তানি তরফ থেকে কোনো বাধা আসে তাহলে তারা সংবাদপত্রে বিবৃতি দিয়ে ব্রিটিশ জনসাধারণকে পাকিস্তানি ক্রিকেট দলের খেলা বয়কটের আহ্বান জানাবেন। এতে কাজ হয়েছিল। পুলিশ প্রতিশ্রুতি দিয়েছিল বাঙালিদের প্রচারপত্র বিলি করাটা নিশ্চিত করার। পাকিস্তানি স্যাবোটাজের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রাখার।
তিনটি ভেন্যুতে শান্তিপূর্ণভাবে সে সময় প্রচারপত্র বিলি করেছিলেন প্রবাসী বাঙালিরা। পাকিস্তান ক্রিকেট দলের বাস স্টেডিয়ামে প্রবেশের সময় কালো পতাকা প্রদর্শনও করা হয়েছিল। কিন্তু কোনোটিতেই সহিংসতার ছোঁয়া ছিল না। প্রবাসী বাঙালিরা কেবল সবাইকে জানাতে চেয়েছিলেন, পাকিস্তানে মোটেও স্বাভাবিক অবস্থা নেই। পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র মানুষের ওপর কীভাবে হিংস্র আক্রমণে ঝাঁপিয়ে পড়েছে, সেটাই বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছেন তাঁরা।
তাঁদের এই চেষ্টাও তো মুক্তিযুদ্ধ!