ইমরান প্রধানমন্ত্রী, ৬ বছর আগেই বলেছিলেন গাভাস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় নিশ্চিত হওয়ার পর প্রতিক্রিয়া জানাচ্ছেন ইমরান। ছবি: রয়টার্স
বিজয় নিশ্চিত হওয়ার পর প্রতিক্রিয়া জানাচ্ছেন ইমরান। ছবি: রয়টার্স

পাকিস্তানের পরবর্তী সরকার কীভাবে গঠিত হবে, সেটা এখনো নির্ধারিত হয়নি। কোন কোন দল জোট সরকারে যোগ দেবে, সেটাই শুধু আলোচনার বাকি। তবে ইমরান খান যে প্রধানমন্ত্রী হচ্ছেন, এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। পাকিস্তানকে একমাত্র বিশ্বকাপের স্বাদ এনে দেওয়া অধিনায়ক এবার দেশের ভার নেবেন। প্রথম কোনো ক্রিকেটার হিসেবে দেশের দায়িত্ব নেওয়ার রেকর্ড করছেন ইমরান।

ইমরান যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, সেটা নির্বাচনের আগেই হালকা টের পাওয়া যাচ্ছিল। সেনাবাহিনী ও ধর্মভিত্তিক দলগুলোর সমর্থন যে ইমরানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলই পাচ্ছিল। তবে মজার ব্যাপার, ইমরানের প্রধানমন্ত্রী হওয়ার ভবিষ্যদ্বাণী কোনো রাজনৈতিক বিশ্লেষক কিংবা সংবাদমাধ্যম করেনি। সেটা করার কৃতিত্ব সুনীল গাভাস্কারের। একসময়ের প্রতিদ্বন্দ্বী যে পাকিস্তানের দায়িত্ব নিতে পারেন, সেটা গাভাস্কার আন্দাজ করেছিলেন ২০১২ সালেই!

নির্বাচনের ফল আসার পর টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। খুবই ঐতিহাসিক এক ম্যাচের ভিডিও। ২০১২ সালের এশিয়া কাপে সে ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সে ম্যাচেই প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে শততম সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার। সে ঐতিহাসিক আনন্দটা বাংলাদেশের মানুষ অবশ্য মনে রেখেছে প্রায় তিন শ ছোঁয়া রান তাড়া করে জেতার আনন্দ মেখে।

মিরপুরে সেদিন ভারতের ইনিংসে ৩৯তম ওভার করতে এসেছিলেন মাশরাফি বিন মুর্তজা। তখন ধারাভাষ্য কক্ষে ছিলেন রমিজ রাজা ও গাভাস্কার। ঠিক সময়ে কথা প্রসঙ্গে ইমরানের কথা উঠে এসেছিল। তখনই গাভাস্কার ইমরানের ব্যাপারে বলেছিলেন, ইমরান পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। তখন সহ-ভাষ্যকার রমিজ অবশ্য হেসে ফেলেছিলেন সে সম্ভাবনার কথা শুনে। ইমরানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তখনো যে দূরকল্পনা।