ইমরান–শাহবাজদের কাছে হাফিজের প্রশ্ন, সাধারণ মানুষ কেন ভুগবে

পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রক্ষমতা নিয়ে ‘লড়াই’ চলছে পাকিস্তানে। অনাস্থা ভোটে ইমরান খানকে হারিয়ে দেশটির প্রধানমন্ত্রীর আসনে বসেছেন শাহবাজ শরিফ। অন্যদিকে নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান। সব মিলিয়ে পাকিস্তানের অবস্থা অস্থিতিশীল। এটি নিয়ে ইমরান-শাহবাজ দুজনকেই একটি প্রশ্ন করেছেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজ।

রাষ্ট্রক্ষমতা নিয়ে শাহবাজ আর ইমরানের দ্বন্দ্বে ভুগছে পাকিস্তানের সাধারণ মানুষ। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইমরান ও তাঁর দলের নেতা–কর্মীরা আন্দোলন করছেন। এরই মধ্যে রাজধানী ইসলামাবাদে ঢুকে পড়েছেন তাঁরা। ইমরান ও তাঁর সমর্থকদের ঠেকাতে আগেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করেছে শাহবাজ সরকার।

পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস আর গুলি উপেক্ষা করে ইসলামাবাদে নিজেদের অবস্থান ছাড়ছে না তেহরিক-ই-ইনসাফের নেতা–কর্মীরা। ইসলামাবাদের ‘রেড জোন’-এর নিরাপত্তার জন্য তাই সেনাবাহিনীর সাহায্য চেয়েছে শাহবাজ সরকার।

পাকিস্তানের দুরাবস্থা নিয়ে দুশ্চিন্তায় মোহাম্মদ হাফিজ
ফাইল ছবি

এর মধ্যেই ইসলামাবাদ-লাহোরসহ পাকিস্তানের কিছু শহরে দেখা দিয়েছে নানা রকম সংকট। সেসব সংকট সবার সামনে তুলে ধরেছেন হাফিজ। গতকাল লাহোরেও ইমরানের তেহরিক-ই-ইনসাফ দলের নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। সেখানে সংকট দেখা দিয়েছে জ্বালানি তেল ও নগদ টাকার।

বিষয়টি একদমই ভালো লাগছে না হাফিজের। আর সেটা তিনি জানিয়েছেন টুইট করে, ‘লাহোরের কোনো পেট্রল স্টেশনে পেট্রল নেই? এটিএম মেশিনে টাকা নেই?’ হাফিজের টুইটের শেষ এখানেই নয়। টুইটে পরের অংশে তিনি একটি প্রশ্ন করেছেন, ‘রাজনৈতিক সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ কেন ভুগবে?’

ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক–ই–ইনসাফের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ
ছবি: রয়টার্স

হাফিজ টুইটটিতে পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ শাহবাজ, ইমরান, মরিয়ম নওয়াজ শরীফ ও বিলওয়াল ভুট্টো জারদারিকে ট্যাগ করেছেন। কে জানে হাফিজের টুইট তাঁদের নজরে আসবে কি না, আর অদূর ভবিষ্যতে দেশটিতে চলমান সমস্যার সমাধানই–বা হবে কি না!