ইমরানের অধীনে রমিজ রাজার নিয়োগ নিয়ে প্রশ্ন সাবেক ক্রিকেটারের
কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন ইমরান খান। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলা হয়েছিল। ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদের (পার্লামেন্টের নিম্নকক্ষ) ডেপুটি স্পিকার কাসিম খান সুরি নাকচ করে দিয়েছেন। এরপরই ইমরান খানের সুপারিশে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।
দেশের প্রধানের ভূমিকায় টিকে থাকতে রাজনৈতিক মাঠে লড়াই করতে হচ্ছে ইমরানকে। ওদিকে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে রমিজ রাজার অবস্থানও নড়বড়ে হয়ে গেছে। ইমরানের নিজের পছন্দে দায়িত্ব পেয়েছেন বলে, রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব ক্রিকেট বোর্ডে পড়ছে বলে ধারণা করছেন সাবেক টেস্ট ক্রিকেটার মুদাসসর নজর। পাকিস্তানে ক্রিকেট বোর্ডের প্রধান নিয়োগের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন নজর।
বর্তমানে আমিরাত ক্রিকেট বোর্ডে জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালক পদে আছেন মুদাসসর নজর। ক্রিকেট পাকিস্তানের সঙ্গে কথোপকথনে পাকিস্তান ক্রিকেটের একটি দুর্বলতা নিয়ে কথা বলেছেন ৭৬ টেস্টে ও ১০টি শতকের মালিক, ‘আমাদের ক্রিকেট–কাঠামো যেমন, যেভাবে পিসিবি চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়, সেটা ভুল। প্রধানমন্ত্রী এখানে বোর্ডের চেয়ারম্যান ঠিক করে দেন, আগে এটা পাকিস্তানের প্রেসিডেন্ট ঠিক করে দিতেন।’
অতীতে কেন এমন প্রথা চালু হয়েছিল, সে ব্যাখ্যা দিয়েছেন নজর। এটাও বলেছেন, আধুনিক যুগে এই ব্যবস্থা টিকিয়ে রাখা কেন অযৌক্তিক, ‘পাকিস্তানের স্বাধীনতার পর, দেশের ক্রিকেটের চলার জন্য অর্থের দরকার ছিল। সে অর্থ আমলাদের মাধ্যমে বড় বড় প্রতিষ্ঠানের কাছ থেকে জোগাড় করা হতো। এ কারণে প্রেসিডেন্ট এর মধ্যে নাক গলাতেন এবং পিসিবির চেয়ারম্যান নিয়োগ দিতেন। কিন্তু এখন সময় বদলেছে কিন্তু আমাদের পদ্ধতি এখনো বদলায়নি।’
বর্তমানে তহবিল সংগ্রহের জন্য যেহেতু সরকারের মুখাপেক্ষী হতে হয় না, বর্তমানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ অপ্রয়োজনীয় বলে মনে করেন নজর, ‘আমাদের সংস্থা তো কার্যকর এবং সংস্থার মধ্য থেকে পিসিবি চেয়ারম্যান নির্বাচন করা উচিত ছিল। পিসিবি এখন আইসিসি ও অন্যান্যভাবে নিজেই অর্থ আয় করে। এটা অনেক বড় পরিবর্তন কিন্তু আমাদের কাজের ধরন এখনো আগের মতোই।’
এদিকে পাকিস্তানের রাজনীতিতে বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। পাকিস্তানের সরকারপ্রধান হিসেবে ইমরান খানকে খুব বেশি দিন দেখা যাবে বলে মনে হচ্ছে না। সে ক্ষেত্রে পিসিবিপ্রধান হিসেবে রমিজ রাজার অবস্থানও নড়বড়ে হয়ে যাবে।