ইমরানের চোখে গাভাস্কার-টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন দুই প্রজন্মের অন্যতম সেরা। তবে অর্জনের ব্যাপ্তিতে সুনীল গাভাস্কারের চেয়ে ঢের এগিয়ে শচীন টেন্ডুলকার। টেস্টে গাভাস্কারের রান ও সেঞ্চুরি ১০১২২ ও ৩৪। টেন্ডুলকারের ক্ষেত্রে সংখ্যা দুটি ১৫৯২১ ও ৫১!
কিন্তু দুজনের তুলনা করতে গিয়ে ইমরান খান এগিয়ে রাখছেন গাভাস্কারকেই। কেন এগিয়ে সে ব্যাখ্যাও দিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক। সত্তর-আশির দশকে গাভাস্কার যখন খেলতেন, তখন ক্রিকেট-বিশ্বে ছিল ভীতি-জাগানিয়া সব ফাস্ট বোলার। ক্রিকেটার থেকে রাজনীতিকে রূপান্তরিত ইমরানের ভাষায়, ‘টেন্ডুলকার কখনোই সুনীল গাভাস্কারের সমপর্যায়ের একটাও ইনিংস খেলেনি। দেখুন, গাভাস্কার ওয়েস্ট ইন্ডিজের বিশ্বমানের ভয়ংকর চার ফাস্ট বোলারকে নিয়মিত খেলেছেন। গাভাস্কারের অবদান ঠিক পরিসংখ্যান দিয়ে বোঝানো সম্ভব নয়।’
ভারতীয় টিভি চ্যানেল ‘আজতক’কে দেওয়া সাক্ষাৎকারে ইমরান অবশ্য এটাও বলছেন, তাঁর কথার মানে এই নয় যে তিনি টেন্ডুলকারের অর্জনকে খাটো করে দেখছেন। বিভিন্ন প্রজন্মের সেরাদের মধ্যে তুলনা করাটাও ঠিক নয় বলে মনে করেন ইমরান। ভারত সফরে এসে ওই টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের আবদুল কাদিরেরও, ‘কাদির যখন খেলেছে, তখন কোনো ব্যাটসম্যানই লেগ স্পিনে ফ্রন্ট ফুটে এলবিডব্লু হতো না। ওয়ার্ন কিন্তু তাঁর ক্যারিয়ারে ফ্রন্ট ফুটে অজস্র এলবিডব্লু আদায় করে নিয়েছে। কাদির যদি এই জামানায় খেলত, তাহলে একবার চিন্তা করে দেখুন, তাঁর উইকেটসংখ্যা কত হতো!’
জাভেদ মিয়াঁদাদের সঙ্গে তাঁর অম্লমধুর সম্পর্কের প্রসঙ্গ এড়িয়ে গেছেন ইমরান। তবে সাবেক সতীর্থ তাঁর কাছে ‘যোদ্ধা’ই, ‘মিয়াঁদাদ ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই করে যেত। এটাই তার শক্তি। প্রত্যেক মানুষেরই শক্তির ও দুর্বলতার জায়গা আছে। আমি তার শক্তির জায়গাটাকেই বেছে নেব।’
বাদ পড়েনি পাকিস্তান-ভারতের প্রস্তাবিত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজও। সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতে এই প্রসঙ্গও তুলেছিলেন ইমরান। মোদি নাকি তা স্মিতহাস্যে এড়িয়ে গেছেন। ইমরান বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীর সামনে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজের প্রসঙ্গটি তুলেছিলাম। তিনি কিছু না বলে একটা ছোট্ট হাসি দিয়েছেন, সেই হাসিতে বোঝা গেল না তিনি এই সিরিজের পক্ষে, না বিপক্ষে।’
তবে ইমরান আশাবাদী যে এই সিরিজের ব্যাপারে ভালো কোনো খবরই পাবেন। জি নিউজ।