ইমরানের চেয়ে মিসবাহ ভালো!
এমন একটা মন্তব্যের পর বিতর্ক তৈরি না হলে সেটাই বরং বিস্ময়কর হতো। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খানও কথাটা বলার পরই বুঝলেন, ভীষণ বিতর্কিত এক মন্তব্য করে ফেলেছেন। মিসবাহ-উল-হক অধিনায়ক হিসেবে ইমরান খানের চেয়ে ভালো—এটা বলার পর তাই আবার ব্যাখ্যা দিতে হলো শাহরিয়ারকে। সেই ব্যাখ্যা হলো, ‘ভালো’ বলতে তিনি শুধু ‘পরিসংখ্যানে ভালো’ই বুঝিয়েছেন, ইমরান খানের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলেননি!
১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন ইমরান। তাঁর অসাধারণ নেতৃত্বই পাকিস্তানকে ওই বিশ্বকাপের ট্রফি এনে দিয়েছিল। পাকিস্তানের ইতিহাসেও তাঁকে অবিসংবাদিত সেরা অধিনায়কের মর্যাদা দেওয়া হয়। তবে গত বৃহস্পতিবার পাকিস্তানের আন্তপ্রাদেশিক সমন্বয় কমিটির সম্মেলনে কথা বলতে গিয়ে পিসিবি সভাপতি বলেন, ইমরানের চেয়ে মিসবাহ ভালো অধিনায়ক! তাঁর মন্তব্যে অনেকেই রাজনীতির গন্ধ খুঁজে পান। ইমরানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও কেন্দ্রে ক্ষমতাসীন দল মুসলিম লিগের ঘোর সমালোচক। অন্যদিকে শাহরিয়ার নওয়াজ শরিফের কাছের মানুষ হিসেবে পরিচিত। শাহরিয়ার অবশ্য বলছেন, তাঁর এই মন্তব্যে কোনো রাজনীতি নেই। একেবারেই ক্রিকেটীয় হিসাব কষে তিনি এই মন্তব্য করেছেন, ‘আমার কোনো রাজনৈতিক দায়বদ্ধতা নেই। আমি ক্রিকেটীয় পরিসংখ্যানের ভিত্তিতেই এই মন্তব্য করেছি। মিসবাহ অধিনায়ক হিসেবে যা যা অর্জন করেছে, তা দুর্দান্ত। পরিসংখ্যানই সবকিছু বলে দিচ্ছে।’
মিসবাহর নেতৃত্বে ৫৫ টেস্টের ২৫টিতে জিতেছে পাকিস্তান। হেরেছে ১৯টিতে, ড্র ১১টি। ওয়ানডে ক্রিকেটে ধুঁকলেও মিসবাহর পাকিস্তান টেস্টে সেরা দলগুলোর একটি হয়ে উঠেছিল। ইমরানের নেতৃত্বে ৪৮ টেস্টে পাকিস্তান জিতেছে ১৪টি। ২৬টি টেস্ট ড্র হয়েছে। হার ৮ টেস্টে। ইমরানের নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ জিতলেও টেস্ট ক্রিকেটের সেরা দল হতে পারেনি। যেখানে গত বছর মিসবাহর অধিনায়কত্বেই আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা নিজেদের করে নিয়েছিল পাকিস্তান।
তারপরও শাহরিয়ারের মন্তব্য অনেকেই ভালোভাবে নেননি। যে জন্য শাহরিয়ারের অবস্থান পরিষ্কার করতে কাল আরও একটা বিবৃতি দিতে হলো পিসিবিকে। যে বিবৃতিতে বলা হয়েছে, ‘পিসিবি সভাপতির মন্তব্য অতিরঞ্জিত করা হয়েছে সংবাদমাধ্যমে। তিনি স্পষ্ট করেই বলেছেন, মিসবাহ পরিসংখ্যানের দিক থেকে পাকিস্তানের সবচেয়ে সফল অধিনায়ক। অন্যদিকে ইমরান খান সবচেয়ে অনুপ্রেরণাদায়ী অধিনায়ক ও পাকিস্তান ক্রিকেটের আইকন।’
দেখা যাক, এ ব্যাখ্যার পর বিতর্ক থামে কি না! জিয়ো নিউজ।