ইমরানের সাহায্য চান মিসবাহ

ওয়ানডে বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। ২০১৫ সালের ফেব্রুয়ারি-মার্চ মাস দেখতে দেখতেই চলে আসবে। অংশগ্রহণকারী দলগুলোর জন্য হাতের এই সময়টা দারুণ গুরুত্বপূর্ণ—এ কথা বলে না দিলেও চলে। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মিসবাহ-উল হক মনে করেন, ক্রিকেটীয় প্রস্তুতির পাশাপাশি বিশ্বকাপের আগে ইমরান খানের সাহায্য-পরামর্শ পেলে মন্দ হতো না। ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের অভিজ্ঞতা ও ক্রিকেটীয় জ্ঞান সমৃদ্ধ করতে পারত পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতিকে।
ইমরানের সঙ্গে কখনোই সেভাবে কথা হয়নি মিসবাহর। তাঁর ইচ্ছা, একবার দেখা করে তিনি জানতে চাইবেন বিশ্বকাপে সফল হওয়ার উপায়, ‘সবারই মনে আছে ১৯৯২ সালে কী প্রতিকূল পরিস্থিতিতে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। আমি বলব, ইমরান খানের যোগ্য নেতৃত্ব ও খেলোয়াড়দের মধ্য থেকে সেরাটা বের করে নিয়ে আসার যে অসাধারণ ক্ষমতাটা তাঁর ছিল, সেটার জন্যই পাকিস্তান সেবার সফল হয়েছিল। আমি ইমরান খানের সঙ্গে দেখা করে বিশ্বকাপ জয়ের ব্যাপারে তাঁর পরামর্শ চাইব।’
মিসবাহ ইমরান খানের ক্রিকেটীয় জ্ঞানের বড় অনুসারী। বিশ্বকাপ জিততে তাঁর সেই জ্ঞান যে বর্তমান দলের ভেতরও সঞ্চারিত হওয়া জরুরি, সেটা অকপটেই জানিয়ে দিয়েছেন তিনি, ‘ইমরানের ক্রিকেট-জ্ঞান নিয়ে তো কোনো সন্দেহ নেই। তিনি নিঃসন্দেহে পাকিস্তান ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরাদের তালিকাতেই থাকবেন। তিনি পাকিস্তানের তরুণ একটি দলকে বিশ্বসেরা দলে পরিণত করেছিলেন।’
পাকিস্তানি অধিনায়ক আরও বলেন, ‘আমি তাঁর কাছে গিয়ে সোজা জানতে চাইব, ’৯২ বিশ্বকাপের সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে আমাদের কী কী করা দরকার।’
পাকিস্তান ১৯৯২ সালের বিশ্বকাপটা জিতে নিয়েছিল ইমরান খানের অনন্য মেধা, যোগ্যতা আর ঠিক সময়ে ঠিক খেলোয়াড়টিকে ব্যবহার করার ক্ষমতার ওপর ভর করেই। প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার পর্যায়ে থাকা একটি দলকে ইমরান কীভাবে বিশ্বকাপ জেতার পথে নিয়ে গেলেন, সেই কাহিনি হতে পারে একজন ক্রিকেট অধিনায়কের দল পরিচালনার অসাধারণ পাথেয়। মিসবাহ বিশ্বকাপ সামনে রেখে ব্যবহার করতে চান ঠিক সেই জিনিসটিই। সূত্র: পিটিআই।