ইমরানের 'পারফরম্যান্সে' খুশি কপিল

>পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। তাঁর এই সাফল্যে ভীষণ খুশি ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব।
খেলোয়াড়ি ক্যারিয়ারে তাঁরা দুজন ছিলেন কঠিন প্রতিদ্বন্দ্বী। সেই সময়ের অন্যতম সেরা দুই অলরাউন্ডারও। মাঠের লড়াইয়ে একে-অপরের মুখোমুখি হলে কেউ যে কারও ভালো পারফরম্যান্স চাইতেন না, তা বলাই বাহুল্য। কিন্তু ক্রিকেটের বাইরে ইমরান খানের পারফরম্যান্সে কপিল দেব দারুণ খুশি। বিশেষ করে, ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথে থাকায় এক সময়কার প্রতিদ্বন্দ্বীকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
সাবেক অধিনায়ক ইমরান নিজেও বিশ্বকাপজয়ী। ইতিহাসের সেরা অলরাউন্ডারদের সংক্ষিপ্ত তালিকায় তাঁর নামটা অবশ্যই থাকে। পাকিস্তানের এই কিংবদন্তি যে সত্যিকারের ‘অলরাউন্ডার’ তা প্রমাণ করেছেন ক্রিকেটের বাইরেও। রাজনীতির আঙিনাতেও চূড়ান্ত সফলতা তুলে নেওয়ার পথে রয়েছেন ইমরান। পাকিস্তানের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের আসন দখলের দিক থেকে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে আছে তাঁর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ। এখন শুধু তাঁর প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষা।
খেলার মাঠে ইমরান যেভাবে পাকিস্তান দলকে সামলেছেন দেশের দায়িত্বও সেভাবে সামলাবেন বলে আশা করছেন কপিল। ‘টাইমস অব ইন্ডিয়া’কে কপিল বলেন, ‘আমি তাঁকে নিয়ে ভীষণ খুশি। অধিনায়ক হিসেবে সে দলকে যেভাবে সামলেছে সেভাবে পাকিস্তানকেও সামলাবে বলে আশা করছি।’ ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে পাক-ভারত ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাও বেড়ে যাবে। প্রতিবেশী দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দ্বৈরথটা ফের চালুর প্রত্যাশা বাড়বে ক্রিকেটপ্রেমীদের। কিন্তু কপিলের মতে, ক্রিকেটের চেয়েও আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে।
কপিল বলেন, ‘ক্রিকেটের চেয়ে দেশকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। আশা করি ইমরানের সরকার ও ভারত মিলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। ক্রিকেটও হবে। দুই দেশই বেশ বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাঁর উচিত হবে এ দুটি দেশের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠায় মনোযোগী হওয়া।’