ইমরান-মিয়াঁদাদকে ছাড়িয়ে মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসবাহ্ এখন পাকিস্তানের সবচেয়ে বেশি টেস্টজয়ী অধিনায়ক, স্বাভাবিকভাবে তার মুখে চওড়া হাসি। ছবি: এএফপি
মিসবাহ্ এখন পাকিস্তানের সবচেয়ে বেশি টেস্টজয়ী অধিনায়ক, স্বাভাবিকভাবে তার মুখে চওড়া হাসি। ছবি: এএফপি

৪৮০ রানের বিরাট লক্ষ্যে খেলতে নেমে শেষ দিনে নিউজিল্যান্ডের দরকার ছিল ৩০৬ রান আর পাকিস্তানের দুই উইকেট। এ সমীকরণে মিসবাহ-উল-হকের দল জয় দেখতে পাচ্ছিল চতুর্থ দিন শেষেই। আগের দিনের সঙ্গে ৫৭ রান যোগ করেই আজ নিউজিল্যান্ড অলআউট ২৩১ রানে। পাকিস্তান জিতল ২৪৮ রানে।
এ জয়ে নতুন এক রেকর্ড গড়েছেন মিসবাহ। ১৫টি টেস্ট জিতে তিনিই এখন পাকিস্তানের সবচেয়ে বেশি টেস্টজয়ী অধিনায়ক। ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদের নেতৃত্বে পাকিস্তান টেস্ট জিতেছিল ১৪টি।
আগের দিনের সঙ্গে মাত্র ৩ রান যোগ করতেই নবম উইকেট হারায় নিউজিল্যান্ড। ইয়াসির শাহর বলে বোল্ড হওয়ার আগে মার্ক ক্রেইগ করেন ২৮ রান। পাকিস্তানের অপেক্ষা বাড়ায় ইশ সোধি ও ট্রেন্ট বোল্টের জুটি। দুজনের ১০ম উইকেট জুটিতে আসে ৫৪ রান। জুটি ভাঙেন ইমরান খান। কিউদের পক্ষে সর্বোচ্চ রান ৯ নম্বরে নামা সোধির; ইমরানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে করেছেন ৬৩ রান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ইয়াসির শাহ।
দুই ইনিংসে দারুণ বোলিংয়ে ম্যাচসেরা রাহাত আলী। এ জয়ে ৩ ম্যাচ সিরিজে পাকিস্তান এখন ১-০ ব্যবধানে এগিয়ে।