ইমরুল ফিরছেন, যাচ্ছেন মোসাদ্দেক
নিউজিল্যান্ড থেকে ইমরুল কায়েস ফিরেছেন বাঁ ঊরুর চোট নিয়ে। চোটের অগ্রগতি দেখেই বাঁহাতি ওপেনারকে রাখা হয়েছিল ভারত সফরে। ভারত ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিংও করেছেন তিনি। কিন্তু কাল ফিল্ডিং করতে গিয়ে একই জায়গায় আবারও চোট পেয়েছেন ইমরুল। এটিই তাঁকে ছিটকে দিয়েছে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট থেকেও। তাঁর জায়গায় দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন আজই যাচ্ছেন হায়দরাবাদে।
ইমরুলের চোটের বিষয়টি নিশ্চিত করে দলের ফিজিও ডিন কনওয়ে বলেছেন, ‘নিউজিল্যান্ডে যে জায়গায় সে চোট পেয়েছিল আজও (কাল) একই জায়গায় ব্যথা পেয়েছে। টেস্টের ৪৮ ঘণ্টা আগে চোটে পড়ায় ম্যাচের জন্য সে ফিট নয় বলে মনে করা হচ্ছে। কাল (আজ) ঢাকায় ফিরে পুনর্বাসন শুরু করবে। আশা করি বিসিএলের পরের রাউন্ডেই সে মাঠে ফিরতে পারবে। ওখানেই তার ফিটনেসের অবস্থা ভালো বোঝা যাবে।’