ইমরুলকে শততম টেস্টের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊরুর পেশির সমস্যায় ভারতে টেস্ট শুরুর আগে দেশে ফিরে এসেছিলেন। একই কারণে জায়গা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ সদস্যের দলেও। তবে দল ঘোষণার দিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছিলেন, ফিটনেসের অবস্থা বুঝতে বিসিএলের দুটি রাউন্ড পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। এ দুই ম্যাচে ইমরুলের ফিটনেস দেখে সন্তুষ্ট নির্বাচকেরা। বাঁহাতি ওপেনারকে তাই ১১ মার্চ দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
বিসিএলের দুই ম্যাচের তিন ইনিংসে ৪৪৪ মিনিট ব্যাট করেছেন ইমরুল। কাল তাঁর ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা থাকলেও সেটির প্রয়োজনই হয়নি। তবে বিসিএলের শেষ রাউন্ডটা ইমরুলকে খেলতে হবে বলে জানালেন মিনহাজুল, ‘ও বিসিএলের শেষ রাউন্ডটা (আজ শুরু) খেলবে। এখানে যদি কোনো সমস্যা না হয় তবেই শ্রীলঙ্কায় যাবে সে।’
কলম্বোর পি সারা ওভলে বাংলাদেশের শততম টেস্টে খেলার সুযোগ হতে পারে ইমরুলের। তবুও এ নিয়ে রোমাঞ্চ নেই তাঁর, ‘সুযোগ দিলে চেষ্টা করব ভালো খেলার। শততম টেস্টের রোমাঞ্চ নয়, ভাবছি ভালো খেলা নিয়ে।’