ইমরুলদের শর্ট বলের প্রস্তুতি

মাঝ উইকেটের দুই নেটে চলছে ব্যাটিং অনুশীলন। এক নেটে বোলিং হচ্ছে লাল বলে, আরেক নেটে সাদা বলে। ইনডোরের ছোট মাঠের নেটগুলোতেও লাল-সাদা দুই রঙের বল।
আসলে ভারত সিরিজের চূড়ান্ত দল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত টেস্ট, ওয়ানডে দুই ধরনের ক্রিকেটেরই অনুশীলন করাচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যাঁদের টেস্ট-ওয়ানডে দুই দলেই থাকার সম্ভাবনা বেশি, তাঁরা আপাতত লাল বলে বেশি অনুশীলন করছেন। যাঁদের শুধু ওয়ানডেতে রাখার চিন্তাভাবনা, তাঁরা করছেন সাদা বলের অনুশীলন। চূড়ান্ত দল ঘোষণা কথা কাল-পরশুর মধ্যে।
কালকের অনুশীলনে লাল-সাদা বলের বাইরে চোখে পড়ল আরও একটা বিষয়। নেটে প্রচুর শর্ট বল হচ্ছে। এটা যে হবে, তা অবশ্য জানাই ছিল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের ব্যাটসম্যানদের শর্ট বলে কাবু করতে চেয়েছিলেন ভারতের বোলাররা। হাথুরুসিংহের ধারণা, ঢাকায়ও একই চেষ্টা হবে। মাঝ উইকেটের এক নেটে শর্ট বল খেলার অনুশীলন সে কারণেই। আরেক নেটে বল করে গেলেন স্পিনাররাই। ২৩ জনের স্কোয়াডে তো স্পিনার আছেই, নেট বোলার হিসেবে যোগ করা হলো বাইরের তিন অফ স্পিনারকেও।
দুই নেটের ব্যাটিংয়েই দেখা গেছে একটা ‘কমন’ চরিত্র। সব ব্যাটসম্যানই অনেক শট খেলতে চাইছেন। অনুশীলন শেষে ওপেনার ইমরুল কায়েসের কাছে এর একটি ব্যাখ্যা পাওয়া গেল, ‘উইকেট ভালো ছিল। এ রকম উইকেট সাধারণত থাকে না। সবাই যখন দেখল ব্যাটে বল আসছে, তাই হয়তো একটু মেরে খেলেছে। তা ছাড়া টেস্ট শুরু হতে এখনো এক সপ্তাহের বেশি বাকি। তার আগে নিজেদের শটগুলো প্র্যাকটিস করে নিলে আমার মনে হয় আমাদের জন্যই ভালো হবে।’
হাথুরুসিংহে বরাবরই খেলোয়াড়দের স্বাধীনতা নিয়ে খেলার পক্ষে। কাজেই ব্যাটে বল এলে শট খেলতে বাধা নেই। তবে টেস্টের ব্যাটসম্যানদের এই স্বাধীনতা কোচ দিচ্ছেন শর্ত সাপেক্ষে। যত শর্ট বলই হোক, অন্তত প্রথম ২০টি বল দেখে খেলতে হবে। ‘কোচ সব সময় বলেন ব্যাটিংয়ে গিয়ে প্রথম ২০টি বল দেখো। তারপর গেমপ্ল্যান অনুযায়ী খেলবে। ২০ বল খেলার পর ব্যাটসম্যান এমনিতেই বুঝতে পারে উইকেটের অবস্থা কী। আমরাও সেভাবে প্র্যাকটিস করছি। মাঠে গিয়ে প্রথম ২০ বলে উইকেটের সঙ্গে মানিয়ে নিচ্ছি। তারপর নিজেদের খেলা খেলার চেষ্টা করছি’—বলছিলেন বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার।
বোলিং শক্তিতে ভারতের চেয়ে নামডাক বেশি পাকিস্তানের। সেই পাকিস্তানের বোলারদেরই যখন শাসন করা গেছে, ভারতের বোলিং নিয়ে অত দুশ্চিন্তার কী আছে! ইমরুলের কথা শুনে অবশ্য মনে হলো, শুধু বোলিং বা ব্যাটিং নয়, ভাবনায় পুরো ভারতীয় দলটাই, ‘পাকিস্তান অনেক ভালো দল ছিল। বোলিংসহ সবকিছুই অনেক ভালো। তবে ভারতীয় দলের বোলিংও এখন ভালো। বরং ব্যাটিংটা যোগ করলে দল হিসেবে তারা অনেক বেশি শক্তিশালী।’
সাংবাদিকদের সামনে দলের প্রতিনিধি যখন ইমরুল কায়েস, একটা প্রসঙ্গ না এসে পারেই না। পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে তামিম ইকবালের সঙ্গে রেকর্ড ৩১২ রানের জুটি, নিজে করেছেন ১৫০। সেই কীর্তির পর ভারত সিরিজে নিশ্চয়ই আত্মবিশ্বাসটা বেশি থাকবে, করতে চাইবেন ওই রকমই কিছু। ইমরুল অবশ্য নিজের সম্পর্কে বললেন পুরোনো কথাটাই, ‘আমি কখনো আগে থেকে লক্ষ্য নির্ধারণ করি না। লক্ষ্য নির্ধারণ করলে নিজের ওপরই চাপ নিয়ে নেওয়া হয়। কোনো লক্ষ্য নিয়ে খেলব না। চেষ্টা করব উইকেটে গিয়ে মানিয়ে নিতে। এরপর নিজের খেলাটা খেলব।’
ভারতের মতো দলকে সমীহ করে মাঠে নামাই ভালো। ইমরুলের কাছে ভারতই তাই সিরিজের ফেবারিট। তবে ঘরের মাঠে যে বাংলাদেশ এখন শুধু বাঘ নয়, ফনাতোলা সাপও! সুযোগ পেলে ধোনি-কোহলিদেরও যে তারা ছোবল মারতে ছাড়বে না, সেটা নিশ্চয়ই ভারতীয় দলেরও জানা।