ইমরুলের জায়গায় মোসাদ্দেক

নিউজিল্যান্ড থেকে ইমরুল কায়েস ফিরেছেন বাঁ ঊরুর চোট নিয়ে। চোটের অগ্রগতি দেখেই বাঁহাতি ওপেনারকে রাখা হয়েছিল ভারত সফরে। ভারত ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিংও করেছেন তিনি। কিন্তু ইমরুলের কপাল পুড়ল ফিল্ডিং করতে গিয়ে। একই জায়গায় আবারও চোট পেয়ে ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে পড়লেন এই বাঁহাতি ওপেনার।
আজ বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেছেন ইমরুলের চোটে পড়ার বিষয়টি। তাঁর জায়গায় সুযোগ পাচ্ছেন মোসাদ্দেক হোসেন। দক্ষিণাঞ্চলের হয়ে বিসিএল খেলতে মোসাদ্দেক এখন সিলেটে।
ইমরুলকে নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবশ্য আগেই সতর্ক করেছিলেন, ‘টেস্টের আগে তার সেরে ওঠার সম্ভাবনা আছে। তবে প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হলে ফিরতে আরও দেরি হয়ে যাবে। টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে, সে পুনর্বাসনের আওতায় থেকেই টেস্ট খেলবে নাকি প্রস্তুতি ম্যাচও খেলবে। পুরো সেরে ওঠার আগেই মাঠে ফিরলে আবারও চোটে পড়ার শঙ্কা আছে। একই জায়গায় বল লাগলে শ্রীলঙ্কা সফরও মিস হতে পারে।’
প্রস্তুতি ম্যাচ খেলে কি তবে ভুল করলেন ইমরুল?