ইমরুলের ব্যাটে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিক্সার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রথম ম্যাচে শুধু রান পাননি ইমরুল কায়েস। এরপর টানা তিন ম্যাচেই হাসল তাঁর ব্যাট। চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংসের বিপক্ষে কুমিল্লার জয়ে ইমরুল উইকেটে ছিলেন শেষ পর্যন্ত। এ দুই ম্যাচে তাঁর স্কোর যথাক্রমে ৩৩* ও ৪৪*। আজ চিটাগংয়ের বিপক্ষেও দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছে ইমরুলের ব্যাট। ৩৬ বলে ৪৫ রান করে ম্যাচসেরাও বাংলাদেশি এ ব্যাটসম্যান।

১৪০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দ্রুতই তামিম ইকবাল ও লিটন দাসকে হারিয়ে বিপদে পড়েছিল কুমিল্লা। সপ্তম ওভারের শেষ বলে লিটন বিদায় নেওয়ার পর দলটির স্কোর ছিল ২ উইকেটে ৩৯। শুধু উইকেট ধরে রাখা নয়, এখান থেকে রানের গতিও বাড়ানোর চ্যালেঞ্জ ছিল ইমরুলের। জশ বাটলারকে সঙ্গে নিয়ে সে কাজটি ভালোভাবেই সেরেছেন তিনি। ইংলিশ এ মারকুটে ব্যাটসম্যানের সঙ্গে তৃতীয় উইকেটে ৫০ বলে ৭৪ রানের জুটি গড়েন ইমরুল।
১৫.২ ওভারে ইমরুল যখন আউট হন, কুমিল্লার স্কোর তখন ৩ উইকেটে ১১৩। এখান থেকে জয়ের জন্য বাকি ২৭ রান তুলতে তেমন কষ্ট হয়নি বাকি ব্যাটসম্যানদের। সানজামুল ইসলামের শিকার হওয়ার আগে ৩ ছক্কা ও ২ বাউন্ডারিতে ইনিংসটি সাজান তিনি। কুমিল্লার জয়ে এ নিয়ে টানা তিন ম্যাচেই হাসল ইমরুলের ব্যাট।