ইমরুলের 'বস' যখন অলকেরও 'বস'

রঙিন পোশাকে হারিয়ে যাওয়া ইমরুল কায়েসকে ফিরিয়ে এনেছেন তিনিই। টি-টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় দলে চার বছর ধরে জায়গা না-পাওয়া ইমরুলকেও ফিরিয়ে এনেছেন। সেই ইমরুল এবার বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক। ১২ ইনিংসে করেছেন ৩১২ রান। ‘সেমিফাইনালে’ খেলেছেন ৬৭ রানের ইনিংস। ফাইনালে ৫৩ রানের।
গত জিম্বাবুয়ে সিরিজে দলে ফিরেই ম্যাচ জেতানো ইনিংস খেলার পর ইমরুল বলেছিলেন, ‘বস’-এর দেওয়া আত্মবিশ্বাসই বদলে দিয়েছে তাঁকে। বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়া ইমরুল জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলে ফিরেই খেলেছিলেন ৭৬ রানের ইনিংস। সেই ইমরুল এবারের বিপিএল পর পর দুটি শূন্য দিয়ে শুরু করেছেন। তবুও অধিনায়কের আস্থা হারাননি। ইমরুলের ভাগ্য ভালো, অধিনায়ক হিসেবে যে বিপিএলেও পেয়েছেন মাশরাফি বিন মুর্তজাকে।
মাশরাফি নামের আশ্চর্য পরশপাথরের ছোঁয়ার গল্প এত এতবার উচ্চারিত হয়েছে, হচ্ছে। তবু যেন এতটুকু একঘেয়ে লাগে না। বারবার শুনতে ইচ্ছে করে শৈশবের রূপকথাগুলোর মতো। সেই রূপকথায় আরেকটি অধ্যায় যোগ করেছেন অলক কাপালি।
এবারের প্লেয়ার বাই চয়েজে অলককে কেউ ডাকেইনি। ছয় দলের একটিও অলককে যোগ্য মনে করেনি বিপিএল খেলার। কুমিল্লা ভিক্টোরিয়ানস ফ্র্যাঞ্চাইজির কর্তারাও তেমন একটা আগ্রহী ছিলেন না তাঁর ব্যাপারে। কিন্তু কুমিল্লা কোচের সঙ্গে পরামর্শ করে মাশরাফি এক রকম জোর করেই অলককে দলে নেন। সেই অলকই ফাইনালের নায়ক!
দুজনের বয়সের ব্যবধান খুব বেশি নয়। জাতীয় দলে ক্যারিয়ার শুরুও করেছেন এক বছর আগে-পরে। বয়সে অনেক ছোট ইমরুল যত অনায়াসে মাশরাফিকে ‘বস’ ডাকছেন, অলকের কণ্ঠে ‘বন্ধুতা’র জয়গানই বেশি উচ্চারিত। নিজেকে প্রমাণ করার তাগিদ নয়, ঘরোয়া লিগে দারুণ খেলেও নির্বাচকের ‘প্লান বি’তেও জায়গা না-পাওয়ার পাল্টা জবাব নয়; অলক ভীষণ করে চেয়েছিলেন, এই আস্থার প্রতিদান দিতে। কী আশ্চর্য দেখুন, কাল কুমিল্লার জয়ের দুই নায়ক কিন্তু সেই ইমরুল আর অলকই!
এবারের বিপিএলও খুব একটা ভালো যাচ্ছিল না অলকের। প্রথম দুই আসরেও ভালো করেননি। ভেতরে ভেতরে মুষড়ে পড়েছিলেন। কাল সেই অলককে মাশরাফি পাঠালেন টুর্নামেন্টে ব্যাটে বলে দুর্দান্ত খেলা আসহার জাইদিরও ওপরে। অলক বলছিলেন, ‘মাশরাফি সব সময়ই সাহস জুগিয়েছে। আমি খুব আপসেট ছিলাম। ওপরে ব্যাটিংয়ের খুব একটা সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু মাশরাফি সমর্থন দিয়ে গেছে। বলেছে, তুই পারবি। এই আস্থা আমার জন্য খুব কাজে দিয়েছে।’
মাশরাফি যেন এখন যেখানেই বাজি ধরছেন, জিতে যাচ্ছেন জ্যাকপট। অলক-ইমরুলই তো এর সবচেয়ে বড় উদাহরণ। কুমিল্লার মাঝারি মানের একটা দল হাতে পাওয়ার পর মাশরাফি কোচের সঙ্গে পরামর্শ করে যে কয়েকটা জিনিস যোগ করেছিলেন, এর একটি অলক। কেন অলককে দলে নিয়েছেন, সেই ব্যাখ্যায় মাশরাফি বললেন, ‘অলককে চাওয়ার একটাই কারণ, ওর অভিজ্ঞতা। টি-টোয়েন্টিতে খেলাটাকে অনেকেই মনে করে যারা শুধু শট খেলতে পারে তাদের জন্য। কিন্তু আমি মনে করি, অভিজ্ঞতা এখানে অনেক বড় ব্যাপার। অভিজ্ঞরাই টি-টোয়েন্টিতে বেশি সাফল্য পাবে। কারণ এখানে পরিস্থিতি দ্রুত বদলায়। আর বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হলে অভিজ্ঞতা চাই। এই ম্যাচের কথাই ধরুন। অলক যেভাবে শেষের দিকের পরিস্থিতি সামলেছে, নতুন বা তরুণ কোনো ব্যাটসম্যান হলে ওভাবে পারত না। ও খুব শান্ত আর স্থির ছিল। যেটা ভীষণ প্রয়োজন।’
অসাধারণ এক ইনিংস খেলেছেন ইমরুল। কিন্তু তবুও আড়ালে চলে গেছেন। মাশরাফি তাই তাঁর কথাও বলতে ভুললেন না, ‘আমরা সবাই অলকের কথা বলছি, ইমরুলের কথা বলছি না। ইমরুলের ইনিংসটাই কিন্তু জয়ের ভিত্তি করে দিয়েছে। অলক ফিনিশিংটা টেনেছে। আসলে ক্রিকেটটাই এ রকম। টি-টোয়েন্টিতে আরও বেশি। শেষটা মানুষ মনে রাখে। তবে অলকের কাজটাও অনেক কঠিন ছিল। ওই পরিস্থিতিতে ১২ বলে ২৩ করা ভীষণ ভীষণ কঠিন।’
কাল ম্যাচ শেষে ওমন খ্যাপা দৌড় দিয়ে মাঠে ঢুকলেন কেন। এখানেও মাশরাফির জবাব, ‘ওই সেলিব্রেশনটা অলকের জন্য। ও যেভাবে খেলেছে, ওর পাওনা ছিল।’ একটু বিরতি নিয়েই বললেন, ‘সেলিব্রেশনটা অলক আর ইমরুলের জন্য।’
এটাই মাশরাফি। তিনি সবার কাঁধেই আস্থার হাত রেখে জানিয়ে দেন তুমি স্পেশাল। কিন্তু কারও প্রতি বৈষম্য করেন না। এটা যে তাঁর দল নয়, তাঁর সুখী পরিবার!
