ইমরুল কেন, ব্যাখ্যা দিলেন কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়কের সঙ্গে রণকৌশল আঁটছেন কোচ। ছবি: শামসুল হক
অধিনায়কের সঙ্গে রণকৌশল আঁটছেন কোচ। ছবি: শামসুল হক

পাকিস্তান কোচ ওয়াকার ইউনিস খুব একটা সংবাদমাধ্যমের সামনে আসছেন না। সংবাদমাধ্যমকে যতটা পারছেন, এড়িয়ে চলছেন। সেদিক দিয়ে ব্যতিক্রম চন্ডিকা হাথুরুসিংহে। বেশ ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশ কোচ। সাংবাদিকদের সঙ্গে নানা রসিকতায় মেতে উঠছেন। দলের একের পর এক সাফল্যে কোচের মুখে চওড়া হাসি থাকবে, সেটাই স্বাভাবিক। আজ সাংবাদিকদের সামনে হাথুরুসিংহে এলেন বেশ ফুরফুরে মেজাজেই।

দলে এসেছে কিছু নতুন মুখ। সুযোগ পেয়েছে দুই পুরোনো মুখও। কিন্তু দল নিয়ে অনেকের মনেই প্রশ্ন। সবচেয়ে বেশি প্রশ্ন বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ ইমরুল কায়েসকে নিয়ে। তবুও কেন দলে ইমরুল? কোচের যুক্তি, ‘সর্বশেষ টেস্টে (গত নভেম্বরে, চট্টগ্রামে, জিম্বাবুয়ের বিপক্ষে) ইমরুল সেঞ্চুরি করেছিল। এ ছাড়া সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শুভাগত। ওরা দলে থাকার যোগ্য।’ দল নিয়েও আরও টুকটাক প্রশ্ন আছে সমর্থকদের মনেও। তবে কোচ বলছেন, ‘ আমি দল নির্বাচন নিয়ে খুশি। গত সিরিজে (জিম্বাবুয়ের বিপক্ষে) এই খেলোয়াড়রা ছিল।’

প্রথম টেস্ট দলে নতুন মুখ তিনজন—লিটন কুমার দাস, সৌম্য সরকার ও মোহাম্মদ শহীদ। কোচ ইঙ্গিত দিলেন, সম্ভাবনা রয়েছে নতুন খেলোয়াড়ের অভিষেক হওয়ার, ‘সামর্থ্যের কারণেই নতুন তিন খেলোয়াড় দলে এসেছে। যদিও দল ভালো করছে। তবে কেউ দ্রুত সুযোগ পেতে পারে। প্রতিটি খেলোয়াড়কে যথেষ্ট সুযোগ দিতে চাই। এভাবে খেলোয়াড়েরা থিতু হওয়ার সুযোগ পায়। যতটুকু দেখেছি ওদের প্রতিভাবান মনে হয়েছে। এই সিরিজে নতুন কারও অভিষেক হতে পারে।’

টেস্টে দুই দলের পরিসংখ্যান যাই হোক না কেন, সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে যথেষ্ট আত্মবিশ্বাসী বাংলাদেশ। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করেই সিরিজটা জিততে চান হাথুরু, ‘আমাদের প্রত্যাশা প্রতিটি সিরিজ জয়। সিরিজ জয়ের প্রত্যাশা আমাদের জন্য চাপ নয়। জয়ের জন্যই আমরা প্রস্তুতি নিয়েছি। তবে আমরা অতি-আত্মবিশ্বাসী হতে পারি না। সেরাটাই চেষ্টা করব। তা যদি করতে পারি, যেকোনো দলকে হারানোর সামর্থ্য রয়েছে আমাদের।’

সংস্করণ বদলেছে। ওয়ানডে, টি-টোয়েন্টিতে উড়িয়ে দিলেও পাকিস্তানের বিপক্ষে এবার টেস্ট সিরিজ জয়ের চ্যালেঞ্জ। এমনিতে টেস্টে পাকিস্তান বেশ শক্তিশালী দল। মানছেন কোচও। তবে বাংলাদেশ দল যে ছন্দে রয়েছে, তাতে প্রতিপক্ষ শক্তিশালী হওয়াটাই বাংলাদেশের জন্য বরং ভালো মনে করেন কোচ, ‘এটা ভিন্ন ফরম্যাট। তবে ভালো করলে দল আত্মবিশ্বাসী থাকে। নিজেদের প্রস্তুতির ওপর আস্থা রাখতে হবে। এ আত্মবিশ্বাস আমরা খেলা থেকে নিতে চাই। এটা ঠিক, পাকিস্তানের টেস্ট স্কোয়াড শক্তিশালী। এই দলে অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড় রয়েছে। ওরা সম্প্রতি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারিয়েছে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে রয়েছে। কিন্তু আমরাও ভালো করছি। দল ভালো করছে। এমন সময় শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলাটা আমাদের জন্য ভালো।’