কেউ হারেনি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে

১২ বলে প্রয়োজন ১৪ রান। শেষ ওভারে সেটি নেমে এল ৭ রানে। কানায় কানায় পূর্ণ কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের ছোট্ট গ্যালারিটা তখন শ্বাসরুদ্ধকর অপেক্ষায়। শেষ পর্যন্ত ১ বলে ২ রানের সমীকরণটা কি মেলাতে পারবেন সাইফউদ্দিন?
গোলাম মুদাসসরের ফুল টসটা চালাতে পারতেন সাইফউদ্দিন। কিন্তু তিনি দেখে-শুনে নিলেন ১ রান! ইমার্জিং টিমস এশিয়া কাপে আজ রোমাঞ্চকর আর উত্তেজনায় ঠাসা বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটা হলো টাই!
পাকিস্তানের দেওয়া ২৩৪ রান তাড়া করতে নেমে ২৪ রানেই বাংলাদেশ হারায় ২ ওপেনারকে। সেখান থেকেই তৃতীয় উইকেটে ৬৩ রান যোগ করে দলকে টেনে নেন মুমিনুল হক-নাজমুল হোসেন। হোসাইন তালাতের বলে নাজমুল (২৪) আউট হওয়ার ২৩ রানের মধ্যে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাসির হোসেন (৬) ফেরায় বাংলাদেশ পড়ে যায় চাপে।
দলের কান্ডারি হয়ে টিকে থাকলেন মুমিনুল। পঞ্চম উইকেটে মুমিনুল-মিঠুনের ৭৩ রান জয়ের আশা উজ্জ্বলও করল। কিন্তু তালাতের বলে ৭৫ রান করা মুমিনুল বোল্ড হলে আবার শঙ্কার স্রোত বইয়ে গেল বাংলাদেশের ড্রেসিংরুমে। আরেক আশার প্রদীপ মিঠুনও (৫৩) নিভে গেলেন ৩০ বলে ৩৩ রানের সমীকরণ রেখে। তবে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন স্নায়ুক্ষয়ী মুহূর্তে দারুণ ব্যাটিং করে ২৪ বলে ৩০, ১৮ বলে ১৯...সমীকরণগুলো মিলিয়ে যাচ্ছিলেন সাবলীলভাবে। কিন্তু সাইফই শেষ বলে ব্যর্থ হলেন ২ রান নিতে, দলকে জেতাতে। টাইয়ের পর পাকিস্তানের উল্লাস দেখে কে! ‘উল্লাস করবে না? ম্যাচটা তো আমাদেরই জেতার কথা!’—ম্যাচশেষে দলের ম্যানেজার হাবিবুল বাশারের আফসোস।
অথচ বাংলাদেশের বোলাররা ব্যাটসম্যানদের জন্য কাজটা বেশ সহজই করে দিয়েছিলেন। সাইফউদ্দিনের বলে এলবিডব্লু হয়ে ২০ রানের মধ্যে ফিরেছেন পাকিস্তানের দুই ওপেনার ইমরান বাট ও ইমাম-উল-হক। ঘুরে দাঁড়ানোর আগেই ১১তম ওভারে অফ স্পিনার নাঈম হাসানের শিকার হয়ে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান (১২)। পরের ওভারে কোনো রান না করেই জাহিদ আলী বোল্ড বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বলে। ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপতে থাকা পাকিস্তানকে লড়াইয়ে ফেরান হারিস সোহেল। আবুল হাসান যদি তাঁর ফিরতি ক্যাচটা হাতে জমাতে পারতেন, ২২ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলা পাকিস্তানি ব্যাটসম্যান আউট হতে পারতেন ৪ রানেই।
হারিসকে দারুণ সঙ্গ দেন হাম্মাদ আজম। দুজনের পঞ্চম উইকেট জুটি যোগ করে ৮৬ রান। আজমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আবুল হাসান। শর্ট মিডউইকেটে মুমিনুল হকের দুর্দান্ত ক্যাচ হওয়ার আগে আজমের রান ৩০। হারিস অবশ্য টিকে ছিলেন আরও কিছুক্ষণ। ধৈর্যশীল ব্যাটিংয়ের পর ২৮ বছর বয়সী ব্যাটসম্যান আউট হয়েছেন হঠাত্ই ধৈর্য হারিয়ে। নাসুমকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পড হওয়ার আগে করেছেন ১০৬ বলে ৬৩ রান।
হারিস ফেরার পর পাকিস্তানের অলআউট হওয়া সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু সাতে নামা তালাতের ৪৬ বলে অপরাজিত ৫৭ রানের সৌজন্যে সেটি তো হয়ইনি, পাকিস্তান নিজেদের রান নিয়ে রান নিয়ে যায় ২৩৩-এ। ম্যাচসেরা তাই তালাত।
এই টাইয়ে লাভ হয়েছে পাকিস্তানের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা সেমিফাইনালে যাচ্ছে। কিন্তু অন্য গ্রুপে চ্যাম্পিয়ন কে? কোন দল আছে দুইয়ে? সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান দলের প্রতিপক্ষ কারা—এ নিয়ে নানা বিভ্রান্তকর তথ্য শোনা গেল। গোলটা বেঁধেছে আসলে চট্টগ্রামে ভারতকে আফগানিস্তান ২ উইকেট হারিয়ে দেওয়ায়। যে ভারতকে সবাই প্রবল প্রতিপক্ষ ভেবেছিল তারাই না কি টুর্নামন্টে থেকে নিয়েছে বিদায়! প্রতিবেদন লেখা পর্যন্ত সেমিফাইনালের লাইনআপটা পরিষ্কার হয়নি।