ইমার্জিং ক্রিকেটে ভারতকে হারিয়ে দিল আফগানিস্তান
ইমার্জিং টিমস এশিয়া কাপে নিজেদের ‘উত্থানে’র গল্প আবারও সবাইকে জানিয়ে দিল আফগানিস্তান। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে তারা হারিয়েছে ২ উইকেটে। হোক না বয়সভিত্তিক ক্রিকেট, ভারতের মতো পরাশক্তির বিপক্ষে জয় তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
চট্টগ্রামে প্রথমে ব্যাট করে ভারতের অনূর্ধ্ব ২৩ দল ৮ উইকেটে তুলেছিল ২৪২। ৪৬তম ওভারের তৃতীয় বলে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান অনূর্ধ্ব ২৩।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন হনুমা বিহারি। শুভম গিল করেন ৪৬। ভারতের প্রথম ৫ ব্যাটসম্যান ২০৫ রান এনে দিলেও পরের দিকে ব্যাটসম্যানরা যেভাবে ঝড় তুলতে পারেনি। এ কারণে ভারতের স্কোরটা বড় হয়নি।
জবাবে ১৮ রানে প্রথম উইকেট হারালেও এর পর থেকে আফগানরা ঠিক পথে হাল ধরে রেখেছিল। আফগানিস্তান ৩ উইকেটে ১৬৪ তোলার পর ভারত ম্যাচে ফেরার শেষ চেষ্টা করেছিল। ২১ রানের মধ্যে তিন উইকেট ফেলেও দিয়েছিল তারা। কিন্তু আটে নামা গুলবাদিন নাইবের ২৯ বলে ২০ ও নয়ে নামা শরাফুদ্দিন আশরাফের ১৬ বলে ২৬ দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
শুধু তাই নয়, এই পরাজয়ে সেমিফাইনালে যেতে পারল না ভারত।