ইয়াংয়ের শরণ নিচ্ছেন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম ইকবাল
তামিম ইকবাল

তিন নির্বাচক সভায় বসেছিলেন নতুন চুক্তির খেলোয়াড় তালিকা ঠিক করতে। কিন্তু সভাটা অসমাপ্তই থেকে গেল। কালকের এই সভাতেই যে অবধারিতভাবে ঢুকে পড়েছে তামিম ইকবালের চোট! দুপুর পৌনে ১২টার দিকে বিসিবি কার্যালয়ে নির্বাচকদের কক্ষে ঢোকেন তামিম। মিনিট দশেক পর বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীও যোগ দেন সভায়। হাতে তাঁর তামিমের বাঁ হাঁটুর এমআরআই রিপোর্ট।
নির্বাচকদের সঙ্গে আধঘণ্টার সভা শেষে তামিম এবং দেবাশিস চৌধুরী আরেক দফা বসেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গেও। তাঁদের ব্যস্ততা দেখেই বোঝা যাচ্ছিল কাল সকালে হাতে পাওয়া তামিমের এমআরআই রিপোর্ট কোনো ভালো সংবাদ বয়ে আনেনি। একটু পর বিসিবির মেডিকেল রুমে হওয়া দেবাশিস চৌধুরীর সংবাদ ব্রিফিংয়ে নিশ্চিতহওয়া গেল সেটাই—তামিমের বাঁ হাঁটুর মিনিসকাস ছিঁড়ে গেছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি গ্রেড-১ পর্যায়ের চোট হলেও এ ধরনের সমস্যা কাটিয়ে খেলায় ফিরতে অনেকসময় এক মাসেরও বেশি সময় লেগে যায়।
দেবাশিস বলেছেন, অস্ত্রোপচার ছাড়া বিশ্রাম, পুনর্বাসন, ব্যায়াম এবং ফিজিওথেরাপির মাধ্যমেও তামিমের হাঁটুর চিকিৎসা সম্ভব। তবে সঙ্গে এটাও জানিয়েছেন, ‘এ ধরনের চিকিৎসার ফলাফল আগে থেকে অনুমান করা কঠিন। বরং অস্ত্রোপচারের ফলাফল নিয়ে আগে থেকে বলা যায়, কারণ অস্ত্রোপচার একটা সুনির্দিষ্ট চিকিৎসা। এ ধরনের চোটের অস্ত্রোপচার হলে সুস্থ হতে চার সপ্তাহের বেশি সময় লাগতে পারে।’
তামিমের এমআরআই রিপোর্ট কালই ই-মেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার হাঁটুবিশেষজ্ঞ ডেভিড ইয়াংয়ের কাছে, যিনি এর আগে একাধিকবার অস্ত্রোপচার করেছেন মাশরাফি বিন মুর্তজার হাঁটুতে। দেবাশিসের ভাষ্য, ইয়াংয়ের মতামতের ওপরই এখন নির্ভর করছে ঠিক কী ধরনের চিকিৎসাপদ্ধতি নেওয়া হবে তামিমের ক্ষেত্রে, ‘অস্ট্রেলিয়ায় আমাদের পরিচিত হাঁটুবিশেষজ্ঞদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তামিমের রিপোর্টগুলো তাঁদের কাছে পাঠিয়েছি। অস্ত্রোপচার লাগবে, অস্ট্রেলিয়া থেকে এমন জবাব পেলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তামিমকে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করব। সম্পূর্ণ ব্যাপারটাই নির্ভর করছে ওখানকার ডাক্তাররা কীভাবে রিপোর্টগুলো মূল্যায়ন করেন তার ওপর।’ একটি সূত্র অবশ্য জানিয়েছে, এমআরআই রিপোর্ট অনুযায়ী তামিমের হাঁটুতে অস্ত্রোপচার লাগার সম্ভাবনাই বেশি। তামিমও সেটার জন্যই মানসিক প্রস্তুতি নিচ্ছেন। অস্ট্রেলিয়ার ভিসার জন্য বিসিবিতে পাসপোর্ট জমা দিয়েছেন গতকালই।
আগামী ৭ জানুয়ারির মধ্যে ঘোষণা করতে হবে বিশ্বকাপের ১৫ জনের চূড়ান্ত দল। প্রধান নির্বাচক ফারুক আহমেদ তাই যত দ্রুত সম্ভব জানতে চান ডেভিড ইয়াংয়ের মতামত, ‘আমরা যত দ্রুত সম্ভব ইয়াংয়ের মতামত জানতে চাই। তামিমের অস্ত্রোপচারের ব্যাপারে এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে।’ একই মত তামিমের নিজেরও। সামনে বিশ্বকাপ, তাই যত দ্রুত সম্ভব সুস্থ হতে চান বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার। ‘শুধু বিশ্বকাপ খেলার জন্যই নয়, অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আমাদের দল বিশ্বকাপের একটু আগেই অস্ট্রেলিয়া চলে যাবে। আমি চাই তখন থেকেই দলের সঙ্গী হতে। আর সে জন্য যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা দরকার’—বিসিবি কার্যালয় ছেড়ে যাওয়ার সময় বলে গেলেন তামিম।