ইয়াসিরের বদলে বাবর

ফতুল্লার প্রস্তুতি ম্যাচে বাঁ হাতের আঙুলে আঘাত পেয়ে বাংলাদেশ সিরিজ শেষ হয়ে গেছে পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহর। খবরটা পুরোনো। তবে নতুন খবর হচ্ছে তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন জুলফিকার বাবর। ২০১৪ সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেললেও বিশ্বকাপ দলে ঠাঁই পাননি বাবর। ইয়াসিরের আঘাত বাবরকে আবারও ফিরিয়ে এনেছে ওয়ানডে দলে।
চোট-আঘাতের কারণে এখনো পর্যন্ত তিন জন খেলোয়াড়কে বদল করতে হয়েছে পাকিস্তানকে। ইয়াসির শাহর আগে বাংলাদেশ সফর শেষ হয়ে গেছে ব্যাটসম্যান শোয়েব মাকসুদ ও পেসার সোহেল খানের। গতকালকের প্রস্তুতি ম্যাচে বাঁ হাতের আঙুল কেটে যায় ইয়াসিরের। সেখানে তিনটি সেলাইও লাগাতে হয়েছে।
২০১১ সালের সেপ্টেম্বরে অভিষেকের পর ওয়ানডে দলে এক প্রকার ব্রাত্যই ছিলেন ইয়াসির শাহ। এবারের বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও খেলেছেন কেবল একটি ম্যাচে। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ম্যাচটিতে খেললেও আট ওভারে ৬০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। খরুচে হওয়ার কারণে বিশ্বকাপে পাকিস্তানের বাকি ম্যাচগুলোতে আর খেলানো হয়নি ইয়াসিরকে।