ইশান্ত ঠিক করেনি, বলছেন তাঁর বাবাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেরাথের সঙ্গে বিতণ্ডায় জড়ালেন ইশান্ত। ছবি: রয়টার্স
হেরাথের সঙ্গে বিতণ্ডায় জড়ালেন ইশান্ত। ছবি: রয়টার্স

২২ বছর পর লঙ্কায় টেস্ট সিরিজ জয়। আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে ভারত দলে। সিরিজ নির্ধারণী ম্যাচে নিঃসন্দেহে দারুণ বোলিংয়ে দলের জয়ে বিরাট অবদান ইশান্ত শর্মার। তবে আক্রমণাত্মক বোলিং নৈপুণ্য ছাপিয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাঁর আচরণ। যে ইশান্তকে এ সময় কথা শুনতে হয়েছে ফাস্ট বোলার-সুলভ মেজাজ না থাকার কারণে, সেই তিনিই যেন শ্রীলঙ্কায় দেখা দিলেন ঘুম থেকে জেগে ওঠা আগ্নেয়গিরির মতন!
সীমা ছাড়িয়ে যাওয়ায় ম্যাচ ফির ৬৫ শতাংশ জরিমানা গুনলেন। এর পর এক টেস্ট নিষিদ্ধও হয়েছেন। ইশান্তের শুরুর গুরু শ্রাবণ কুমার মনে করছেন, এর পেছনে দায় আছে অধিনায়ক বিরাট কোহলি ও দলের পরিচালক রবি শাস্ত্রীরও। আর তাঁর বাবা বলছেন, ইশান্ত ঠিক করেনি। শাস্তি তার প্রাপ্য ছিল।
কলম্বো টেস্টে আক্রমণাত্মক বোলিংয়ে কাবু করেছেন লঙ্কান ব্যাটসম্যানদের। নিয়েছেন ৮ উইকেট। কোহলি অবশ্য তাঁর অন্যতম প্রধান অস্ত্রের এমন আগ্রাসী মনোভাবে প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু আগ্রাসী মনোভাব দেখাতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছেন ইশান্ত। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের ফিরিয়ে তাঁর মুখের ভাষা ও দেহ ভঙ্গিতে আপত্তি তুলেছেন স্বয়ং তাঁর শৈশবের কোচ শ্রাবণ, ‘ইশান্ত সেদিন সীমা লঙ্ঘন করেছে। খেলায় স্লেজিং হতেই পারে, খেলার অংশ এটি। কিন্তু এভাবে উল্টো-পাল্টা দেহভঙ্গি করলে তো ম্যাচ রেফারির নজরে আসবে এবং সমস্যায় পড়বে।’ 
ইশান্তের এমন আচরণে কোহলি এবং শাস্ত্রীকেও কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন শ্রাবণ, ‘দলের অধিনায়ক ও পরিচালক যখন আপনাকে কেবল আগ্রাসী হতে বলেন, তখন অবচেতনভাবেই আগ্রাসী হয়ে উঠবেন। ইশান্তের ক্ষেত্রেই তা-ই ঘটেছে।’
এদিকে ইশান্তের বাবা বিজয় কুমারও ভালোভাবে দেখেননি ছেলের এমন আচরণ। বললেন, ‘মাঠে ইশান্ত যেটা করেছে, সেটি ঠিক ছিল না। আইসিসি থেকে যথার্থ শাস্তিই পেয়েছে। ইশান্তের উচিত ছিল আবেগ নিয়ন্ত্রণ করা। শৈশবে কিন্তু সে এতটা আক্রমণাত্মক ছিল না। অবশ্য উত্তেজনাময় মুহূর্তে উচ্ছ্বাসে ভেসে সীমা অতিক্রম করেছে। ওই সময়ের উত্তেজনায় মেজাজ হারিয়ে ফেলেছে।’ তথ্যসূত্র: এনডিটিভি।