ইশান্তের আচরণ 'জঘন্য'

বিরাট কোহলি বাহবা দিচ্ছেন। চাপড়ে দিচ্ছেন পিঠ। বলছেন, আগ্রাসী মনোভাবই যদি না থাকে তবে আর কিসের ফাস্ট বোলার। কিন্তু এটাই কি আক্রমণাত্মক মেজাজের সংজ্ঞা? এই প্রশ্নও তুলছেন অনেকে।
২২ বছর পর শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজ জিতিয়ে এনেছেন। এ সময় কোহলি কিংবা তাঁর দলের সমালোচনা করার লোক খুঁজে পাওয়া কঠিনই। কিন্তু কোনো কালেই এসবের পরোয়া করেননি বিষেণ সিং বেদি। অনেক দিন ধরেই কোহলির আচরণের সমালোচনা করে আসা সাবেক এই বোলার আবারও প্রশ্ন তুলেছেন। তিন টেস্টের সিরিজে একবার ৬৫ শতাংশ জরিমানা গুনেছেন ইশান্ত, পরে একটি টেস্ট নিষিদ্ধও হয়েছেন। বেদির প্রশ্ন, এরই নাম কি তবে আক্রমণাত্মক ক্রিকেট?
বেদি বলেছেন, ‘ওরা আগ্রাসী মেজাজের কথা বলছে, অথচ ইশান্ত এক ম্যাচ নিষিদ্ধই হয়ে গেল। আপনারা ক্রিকেট মাঠে এসবই চান? এটা আগ্রাসী মেজাজের জঘন্য প্রদর্শনী।’ অধিনায়ক কোহলির সমালোচনা করে বলেছেন, ‘সিরিজ বিবেচনায় ও ভালোভাবে দায়িত্ব সামলেছে। কিন্তু ওকে ওর মেজাজ ধরে রাখতে জানতে হবে। ক্রিকেটে সব সময় অধিনায়কের ওপর ক্যামেরা ধরা থাকে। ওকে অনন্যসাধারণ একজন আদর্শ হতে হবে।’
আক্রমণাত্মক ক্রিকেটের পক্ষে বেদিও। কিন্তু ‘হাত থাকতে মুখ কেন’ দর্শন কোনো ভদ্রলোকের হতে পারে না। বেদি বলেছেন, ‘ব্যাটে, বলে আর ফিল্ডিংয়ে যত খুশি আগ্রাসন দেখাও; মুখে কেন?’
দ্বিতীয় আর তৃতীয় টেস্টে ইশান্তের সঙ্গে লেগে গিয়েছিল শ্রীলঙ্কার বেশ কজন ক্রিকেটারের। বারবার মাঠের আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়েছে। দুই অধিনায়ককে ডেকে সতর্কও করা হয়।
বেদি মনে করেন, কোহলির অধিনায়কের মাত্র শুরু। এখনই সময় তাঁকে শোধরানোর। তা না করে বাকিরাও ব্যস্ত সুসময়ের তোড়ে ভেসে যেতে। যদিও বেদির দাবি, নতুনদের নিয়ে গড়া দুর্বল শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ৩-০ ব্যবধানেই জেতা উচিত ছিল। সূত্র: পিটিআই।