ইশ্! মাহমুদউল্লাহ যদি থাকতেন

কাল রাতে কার ভালো ঘুম হলো? মাহমুদউল্লাহর, নাকি সাকিব আল হাসানের?
প্রথমজনের ঘুম একদমই ভালো হওয়ার কথা নয়। বাংলাদেশের সামনে থেকে সুন্দর দিনের ছবিটা যে দিনের শেষ বলে তিনিই মুছে দিলেন! আজ সেই ছবি নতুন করে আঁকার দায়িত্ব ইমরুল কায়েসের সঙ্গে সাকিবেরও। দ্বিতীয় দিন শেষেই ফলাফলের দিকে যেতে থাকা টেস্টটাকে নিজেদের হাতে রাখার দায়িত্ববোধ কিছুটা অনিদ্রা কি সাকিবকেও ‘উপহার’ দেয়নি!
জাফর আনসারির সোজা বলে স্লগ সুইপ খেলতে গিয়ে বোল্ড মাহমুদউল্লাহ। ২ উইকেটে ১৫২ থেকে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১৫২ এবং ওখানেই শেষ দিনের খেলা। মাহমুদউল্লাহর খেয়ালি শট বাংলাদেশের হাসি হাসি মুখটাতে মুহূর্তে ছড়িয়ে দিল আঁধার। পড়ন্ত বিকেলে আলোকিত করে তুলল ইংল্যান্ডের ড্রেসিংরুমের আবহ। পরপর দ্বিতীয় টেস্টে মেহেদী হাসান মিরাজের ৬ উইকেট নেওয়ার আনন্দ, ১২৮ রানের লিড—সবই শেষ মুহূর্তে মাহমুদউল্লাহর ‘আত্মহত্যা’র বেদনায় মলিন। সারা দিনের খুশি ছাপিয়ে ছড়িয়ে পড়ল একটা দুঃখই, ‘কেন যে ওই শট খেলতে গেলেন মাহমুদউল্লাহ!’
উত্তরটা তিনিই ভালো দিতে পারবেন। ৪৭ রানে অপরাজিত ছিলেন বলে শুধু অনুমান করা যায়, মাহমুদউল্লাহ হয়তো চেয়েছিলেন ফিফটির ঝামেলাটা কালই শেষ করে রাতে শান্তিতে ঘুমাতে। কিন্তু তাঁর ব্যাটিংয়ের যে ধরন বা অভিজ্ঞতা, কোনো কিছুর সঙ্গেই যে ওই চিন্তা
যায় না! অন্য ব্যাটসম্যান আর বোলারদের সারা দিনের সাফল্যকে জলছাপ বানিয়ে মাহমুদউল্লাহ-কাণ্ডই তাই দিন শেষে বেশি মূর্ত। সেটা হতাশার মাত্রা এতই তীব্র করল যে, বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও টুইটারে ওই সময় ওই শট খেলতে যাওয়াটাকে লিখলেন ‘অবিশ্বাস্য।’ দিন শেষের সংবাদ সম্মেলনে এসে দলের নবীনতম সদস্যও অনেক রেখেঢেকেও বলে ফেললেন, ‘উনি থাকলে ভালো হতো...।’
অথচ শেরেবাংলা স্টেডিয়ামে কাল সকাল থেকে কত ভালো ভালো ঘটনাই না ঘটছিল! প্রথম ইনিংসে লিড নিতে না পারলেও ইংল্যান্ডের লিড ২৪ রানে সীমিত রাখতে পারা কিছুটা হলেও স্বস্তিদায়ক। সকালে মিরাজ-তাইজুল মিলে যে রকম বোলিং শুরু করেছিলেন, চাপটা ধরে রাখতে পারলে লিড বাংলাদেশও নিতে পারত।
আগের দিনের ৩ উইকেটে ৫০ রান নিয়ে খেলতে নেমে সকাল সকালই বাংলাদেশের স্পিনজালে আটকা পড়ে ইংল্যান্ড। ৬৯ রানের মধ্যে নেই আরও ২ উইকেট। জো রুট-জনি বেয়ারস্টোর ষষ্ঠ উইকেট জুটিতে ৪৫ রান এলেও লিড নেওয়া তখনো দূরের স্বপ্নই মনে হচ্ছিল তাদের জন্য। লাঞ্চের আগে ১৬৩ রান করতে আরও ২ উইকেট হারানো ইংল্যান্ড শেষ পর্যন্ত ২৪ রানের লিড নিতে পারল নবম উইকেট জুটিতে ক্রিস ওকস-আদিল রশিদের ৯৯ রানের জুটির সৌজন্যে। মিরাজের বলে মুশফিক শূন্য রানে জাফর আনসারির ক্যাচ না ফেললে বা ব্যক্তিগত ২ রানে ‘রিভিউ’ আর ৩৮ রানে ‘নো’ বলের সুবাদে ওকস জীবন না পেলে ইংল্যান্ডের স্কোর আরেকটু কমও হতে পারত। সাব্বিরের বলে শর্ট মিড উইকেটে মিরাজ ওকসের দুর্দান্ত এক ক্যাচ নিলেও টেলিভিশন রিপ্লে দেখে থার্ড আম্পায়ারের মনে হয়েছে বলটা কোমরের ওপরে ছিল। সে জন্যই ‘নো’ ডাকা।
টার্নিং উইকেটে মুশফিক মিরাজ আর তাইজুলের ওপরই বেশি ভরসা রেখেছেন। চা-বিরতির আগেই শেষ হয়ে যাওয়া প্রথম ইনিংসে ইংল্যান্ড কাল যে ৬৯ ওভার ব্যাটিং করল, তার ৪৭ ওভারই করেছেন এই দুই স্পিনার। সাকিব তিন স্পেলে করেছেন মাত্র ১০ ওভার। একমাত্র পেসার কামরুল ইসলাম করেছেন ৩ ওভার, সেটাও ইনিংসের ৫৮তম ওভার থেকে।
মিরাজ-তাইজুল সাফল্যও এনে দিয়েছেন একটার পর একটা। ইংল্যান্ডের কালকের ৭টি উইকেট তো এ দুজনই ভাগাভাগি করে নিয়েছেন! চট্টগ্রামের পর মিরপুর টেস্টের প্রথম ইনিংসেও ৬ উইকেট নিয়েছেন অফ স্পিনার মিরাজ। ক্যারিয়ারের প্রথম ২ টেস্টে ৫ উইকেট নেওয়ার কীর্তি বাংলাদেশে শুধু তাঁরই। দলের হয়ে প্রথম দুই টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও আপাতত এই তরুণের দখলে। ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে এখন পর্যন্ত পেয়েছেন ১৩ উইকেট।
তাইজুলের ৩ উইকেটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের ইনিংসে একমাত্র ফিফটি করা জো রুটের এলবিডব্লু। এরপরই ওকস-রশিদের ৯৯ রানের সেই জুটি, নতুন বল নেওয়ার পর যেটা ভেঙে এক ওভারের মধ্যেই শেষ হয়ে গেছে ইংল্যান্ডের ইনিংস।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুটা বেশ আশা-জাগানিয়া ছিল। তামিম ইকবাল-ইমরুল কায়েসের ৬৫ রানের ওপেনিং জুটির পর পা হড়কেছিল সামান্য। লেগ স্লিপে কুকের ক্যাচ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনার আনসারির প্রথম শিকার তামিম। স্টোকসের পরের ওভারে মুমিনুল হকও ড্রেসিংরুমে। কিন্তু এরপর থেকে কঠিন উইকেটেও ব্যাটিংটাকে সহজ বানিয়ে ফেলেন ইমরুল ও মাহমুদউল্লাহ। আত্মবিশ্বাসী এই জুটি সোনালি রোদ ছড়াচ্ছিল শেষ বিকেলে। রশিদকে রিভার্স সুইপে বাউন্ডারি মেরে ইমরুল তুলে নেন টেস্টে নিজের চতুর্থ ফিফটি। মাহমুদউল্লাহও আজ সেটা পেয়ে যেতে পারতেন। কিন্তু ধৈর্য ধরতে পারলেন না যে!
দিনের খেলা শেষে বাংলাদেশ ড্রেসিংরুমের সামনে বিরল এক দৃশ্যের দেখা মিলল। এক প্রান্ত থেকে বল ছুড়ছেন নুরুল হাসান, প্যাড-গ্লাভস পরে অন্য প্রান্তে ‘নক’ করছেন যিনি, মাঠের খেলা শেষ হয়ে যাওয়ার পর ব্যাট-বল হাতে তাঁকে কমই দেখা যায়—সাকিব আল হাসান। তৃতীয় দিনে টেস্টের গতিটা নিজেদের দিকে আনতেই তাঁর ওই বিরল প্রস্তুতি। সেটার অংশ হিসেবে কাল রাতে ভালো ঘুম হওয়াটাও অবশ্য জরুরি ছিল সাকিবের জন্য।
দ্বিতীয় দিন শেষে
বাংলাদেশ: ২২০ ও ১৫২/৩
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৪৪