আজ (পরশু) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করল ইংল্যান্ডের বাংলাদেশ সফর পূর্বপরিকল্পনা অনুযায়ীই হবে।
এ মাসেই ইসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা রেগ ডিকাসন, পেশাদার ক্রিকেটারদের সংগঠনের (পিসিএ) প্রধান নির্বাহী ডেভিড ল্যাথারডেল ও ইসিবির ক্রিকেট পরিচালনা পরিচালক জন কার বাংলাদেশ ও ভারতের সুযোগ-সুবিধা ও কর্মপরিকল্পনাগুলো বিবেচনা করে দেখেছেন।
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক ও ওয়ানডে অধিনায়ক এউইন মরগানসহ সব খেলোয়াড়কে আজ (পরশু) রাতে এ বিষয়ে জানানো হয়েছে। রেগ ডিকাসন, ডেভিড ল্যাথারডেল, জন কার, ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস ও বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন সফর প্রস্তুতি এবং এ-সংক্রান্ত ঝুঁকির বিষয়গুলো খেলোয়াড়দের বুঝিয়ে বলেছেন।
সভা শেষে অ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন:
‘ইংল্যান্ডের বাংলাদেশ সফর পূর্বপরিকল্পনা অনুযায়ীই হবে।’
‘খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা এবং সুরক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পেয়েছি, বর্তমান পরিস্থিতি নিয়ে ভালো তথ্য জেনেছি এবং নিরাপত্তার বিষয়গুলো নিয়ে পরিপূর্ণভাবে আশ্বস্ত হয়েছি। আমাদের যে পরামর্শ ও সাহায্য দেওয়া হয়েছে তাতে ইসিবি ও পিসিএর পূর্ণ আস্থা আছে।’
‘আজ রাতে (পরশু) আমরা খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় বসেছিলাম। তাঁরা আমাদের অনেক প্রশ্ন করেছেন, আরও অনেক প্রশ্ন করার সময় পাবেন এবং নিশ্চয়ই সে সুযোগ তাঁরা নেবেনও—আমরা সেটি বুঝি। তবে গ্রীষ্মকালীন মৌসুমের আন্তর্জাতিক ক্রিকেট শেষ হওয়ার পরই এ সফরের দল ঘোষিত হবে।’
‘আমরা অবশ্যই সফরের আগ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং সেটি সফর চলাকালেও চলবে।’
ইংল্যান্ড বাংলাদেশে পৌঁছাবে ৩০ সেপ্টেম্বর। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলার আগে তিনটি প্রস্তুতি ম্যাচও খেলবে ইংল্যান্ড। ৯ নভেম্বর থেকে শুরু হওয়া পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড ভারতে যাবে ২ নভেম্বর। সূত্র: ইসিবির ওয়েবসাইট।