ইয়াসির, নুরুল আর একটি ল্যান্ডফোন নম্বর

বাংলাদেশের ব্যাটসম্যানরা আজ আকাশপানেই শুধু উত্তর খুঁজে গেছেনছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের বয়স মাত্র দুই ম্যাচ গড়িয়ে তিনে পড়ল। পঞ্চম ইনিংসে এসে টেস্টে প্রথম অর্ধশতকও হয়ে গেল। কিন্তু আনন্দ যদি কিছুটা হয়ে থাকার কথা ছিলও-বা, ইয়াসির আলীর তা আর উদ্‌যাপনের সুযোগ থাকল কোথায়!

ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ যেভাবে থরহরি কম্পমান, তাতে ব্যক্তিগত এসব তৃপ্তি-টিপ্তি আর ছোঁয়ার কথা নয় ইয়াসিরকে। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট জয়ের পর সিরিজের দ্বিতীয় টেস্টে এসে পর্বতচাপা পড়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড আজ প্রথম ইনিংস ঘোষণা করেছে ৬ উইকেটে ৫২১ রান নিয়ে। জবাবে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ১২৬ রানে!

বাংলাদেশ অলআউট হতেই দিনের খেলা শেষ। নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম বাংলাদেশকে ফলো-অন করাবেন কি না, সে সিদ্ধান্ত এখনো জানা যায়নি। অবশ্য ফলো-অনে পড়া না পড়ার ‘লজ্জা’ বাংলাদেশের সমর্থকদের হয়তো তেমন আর পোড়াবে না। স্কোরকার্ডই যে অনুভূতি ভোঁতা করে দেওয়ার মতো।

খুব সংক্ষেপে বলতে গেলে, স্কোরকার্ডের অবস্থা হচ্ছে—ইয়াসির, নুরুল আর কোনো ল্যান্ডফোন নম্বর। বাংলাদেশে অনেক ল্যান্ডফোনের নম্বরে দেশের কোড আর অঞ্চলভিত্তিক কোডের পর আটটি সংখ্যা থাকে কি না!

১২৬ রানে অলআউট হওয়া দলে দুই ব্যাটসম্যানেরই রান ৯৬, অতিরিক্ত ২। আউট হওয়া বাকি ৮ ব্যাটসম্যান মিলে তুলেছেন ২৮ রান। রানগুলো দেখুন, টিএনটির ডিজিটের মতোই—৭, ০, ৪, ০, ৮, ৫, ২, ২। শেষ পর্যন্ত ০ রানে অপরাজিত থাকা এবাদতকে না হয় ফোন নম্বরের ডিজিট থেকে ‘ছাড়’ দেওয়া গেল!

রানে দুই অঙ্ক তো পরের হিসাব, নুরুল-ইয়াসিরের বাইরে বল খেলার হিসেবেই দুই অঙ্ক পেরিয়েছেন কেবল তিন ব্যাটসম্যান!

বাংলাদেশ যে রান করার দৌড়ে নিউজিল্যান্ডের পর্বত পাড়ি দেবে, সে আশা সম্ভবত অতি-আশাবাদী মানুষ ছাড়া কেউ করেননি। কিন্তু এভাবে ধসেই পড়বে, সেটিও কজন ভেবেছিলেন ইনিংস শুরুর আগে?

ইয়াসিরের পাশাপাশি নুরুলের ব্যাট থেকে এসেছে কিছু রান
ছবি: এএফপি

ইনিংস শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই অবশ্য সেটিই একমাত্র ভাবনায় পরিণত। তখন দুশ্চিন্তা, বাংলাদেশ ১০০ পেরোতে পারবে তো! ২৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলা একটা দলকে নিয়ে আর কী ভাবনাই বা আসতে পারে!

৭ রানে উদ্বোধনী ব্যাটসম্যান সাদমানকে দিয়ে শুরু, ১১ রানে ফিরলেন মোহাম্মদ নাঈমও। দ্বিতীয়জন তো কোনো রান না করেই ফিরলেন! তিনে নামা নাজমুল হোসেন ফিরলেন ৪ রান করে, তারপর অধিনায়ক মুমিনুলও ০-তেই প্যাভিলিয়নে।

লিটন দাসও আর খুব বেশি সময়ক্ষেপণের ‘ঝক্কি’তে যাননি। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসনদের ইনসুইং আর আউটসুইং যেন নাচিয়ে ছেড়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের।

ষষ্ঠ উইকেটে নুরুল আর ইয়াসির মিলে গড়েন ৬০ রানের জুটি। ৪১ রানে নুরুল আউট হলেও ইয়াসির অর্ধশতক বের করে নিয়েছেন। কিন্তু তিনি দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে আর কেউই তাঁকে সেভাবে সঙ্গ দিতে পারেননি।

নিউজিল্যান্ডের উদ্‌যাপনে উদ্‌যাপনেই কেটেছে দিন
ছবি: এএফপি

৮৭ রানে নুরুল-ইয়াসিরের জুটি ভাঙার পর সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজ কিছুটা চেষ্টা করেছিলেন। রান (৫) দুই অঙ্কে না গেলেও ৩৩টা বল অন্তত খেলেছেন। ইয়াসির কিছু রান তোলায় জুটিটা হয় ২২ রানের।

আর ব্যাটসম্যানরাই যেখানে গেলেন তল, তাসকিন-শরীফুলের মতো বোলাররা অনেক জলই দেখবেন, এটাই স্বাভাবিক। দুজনের ব্যাট থেকে আসে ২টি করে রান।

মাউন্ট মঙ্গানুইয়ের সুখস্বপ্ন টেনে এনে বাংলাদেশ ক্রাইস্টচার্চে একেবারে চোখধাঁধানো কিছু করে ফেলবে, ম্যাচ জিতে ফেলবে, এমন আশা হয়তো খুব বেশি মানুষ করেননি। কিন্তু এখন পর্যন্ত টেস্টের প্রথম দুই দিন যেমন কেটেছে, তাতে মাউন্ট মঙ্গানুইয়ের সুখই বিস্মৃত হওয়ার জোগাড়!