ইয়াসির যেখানে অনন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেঘের আড়ালেই সূর্য হাসে। কথাটা নিজের ক্যারিয়ার দিয়ে এখন আরও ভালো অনুভব করতে পারছেন ইয়াসির শাহ। ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে মাঝে নিষিদ্ধ ছিলেন তিন মাস। ইংল্যান্ড সফরে আসার আগে প্রস্তুতি ক্যাম্পেও চোটে পড়েছিলেন। সিরিজটাই খেলা হয় কি না, সেই সংশয়ও তো জেগেছিল। কিন্তু ইয়াসির শুধু খেললেনই না, প্রথমবার ইংল্যান্ড সফরে এসে প্রথম সুযোগেই ছড়ালেন আলো, গড়লেন ইতিহাস।
ক্যারিয়ারে প্রথমবারের মতো ১০ উইকেট, তা-ও আবার লর্ডসে। ইয়াসিরের ক্যারিয়ার-সেরা বোলিং (১০/১৪১) সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত এক জয় এনে দিল পাকিস্তানকে। ম্যাচসেরার পুরস্কার পাওয়া ৩০ বছর বয়সী লেগ স্পিনার নিজেও টেস্ট র্যাঙ্কিংয়ের চার থেকে এক লাফে উঠে এলেন শীর্ষে। ২০০৫ সালে শেন ওয়ার্নের পর এই প্রথম টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বরে কোনো লেগ স্পিনার! এখানেই শেষ নয়, ক্রিকেট তীর্থে বোলিংয়ের অনেক ইতিহাসও তো নতুন করে লিখলেন ইয়াসির।
লর্ডসে এর আগে পাকিস্তান সর্বশেষ টেস্ট জিতেছিল ১৯৯৬ সালে। ওই টেস্টে ৮ উইকেট নিয়ে ওয়াকার ইউনিস হয়েছিলেন ম্যাচসেরা। ওটাই ছিল লর্ডসে কোনো পাকিস্তানি বোলারের সেরা বোলিং। কাল ইয়াসির ছাড়িয়ে গেলেন কিংবদন্তি পাকিস্তানি পেসারকে। তার ওপর ইয়াসির যখন স্পিনার, কীর্তিটা আরও বড় হয়ে যাচ্ছে। লর্ডসে কোনো স্পিনারের ১০ উইকেট পাওয়ার কীর্তি এ নিয়ে মাত্র সপ্তমবার, গড়েছেন ছয়জন। ১৯৭৪ সালে সর্বশেষ কীর্তিটা যাঁর, সেই ডেরেক আন্ডারউড আবার তা করেছিলেন পাকিস্তানের বিপক্ষেই। দুবার ১০ উইকেট পাওয়ার একমাত্র কীর্তিও ইংলিশ এই বাঁহাতি স্পিনারের। আন্ডারউড ছাড়াও এ তালিকায় বাঁহাতি স্পিনার আছেন আরও দুজন—ইংল্যান্ডেরই জনি ব্রিগস ও হেডলি ভেরিটি। আছেন দুজন অফ স্পিনারও—ওয়েস্ট ইন্ডিজের সনি রামাধিন ও ইংল্যান্ডের রয় ট্যাটারশাল। একমাত্র লেগ স্পিনার ইয়াসির শাহ।
এশিয়ার বাইরে এটিই ইয়াসিরের প্রথম টেস্ট। অথচ দেখে মনেই হয়নি, অচেনা কোনো কন্ডিশনে খেলছেন পাকিস্তানি লেগ স্পিনার। অবশ্য ইয়াসির দুজন দারুণ পরামর্শদাতাও পেয়েছেন এই সিরিজে। দলের বোলিং কোচ মুশতাক আহমেদ সাবেক লেগ স্পিনার। ম্যানেজার ইন্তিখাব আলমও। এই দুজনেরই আবার ইংল্যান্ডের কন্ডিশন বাড়ির উঠোনের মতো চেনা। সারের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার ইন্তিখাবের। মুশতাকও দীর্ঘদিন খেলেছেন সমারসেট, সাসেক্স ও সারেতে; পরে কাজ করেছেন ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবেও। দুজনেই তাঁদের অভিজ্ঞতা দিয়ে সব রকম ভাবে সাহায্য করেছেন উত্তরসূরিকে। লর্ডস টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইয়াসিরের সবচেয়ে বেশি কৃতজ্ঞতাও দুই পূর্বসূরির কাছেই, ‘আমি ভাগ্যবান যে মুশিকে এখানে পেয়েছি, ইন্তিখাব আলম ম্যানেজার হিসেবে সঙ্গে আছেন। দুজনই তাঁদের অভিজ্ঞতা ভাগাভাগি করছেন, আমরা সেটা মাঠে কাজে লাগাচ্ছি।’
লর্ডসে ১০ উইকেট নেওয়ার পর ১৩ টেস্টে ইয়াসিরের ৮৬ উইকেট হয়ে গেল। প্রথম ১৩ টেস্টে এর চেয়ে বেশি উইকেট পাননি আর কোনো বোলার। অস্ট্রেলিয়ার চার্লি টার্নারের ৮১ উইকেট ছিল আগের রেকর্ড।
ইয়াসিরের সামনে এখন আরও বড় অর্জনের হাতছানি। সবচেয়ে কম টেস্ট খেলে ১০০ উইকেট নেওয়ার রেকর্ডটা ইংলিশ পেসার জর্জ লোম্যানের। ১৮৯৬ সালে নিজের ১৬তম টেস্টে শততম উইকেট পেয়েছিলেন লোম্যান। ইয়াসিরের সামনে এখন সুযোগ লোম্যানের রেকর্ড ছুঁয়ে ফেলার কিংবা ছাড়িয়ে যাওয়ার। আর ১৪ উইকেটই তো দরকার তাঁর।
যেমন ফর্মে আছেন, তাতে এটি অসম্ভব কিছু নয়। এএফপি।
লর্ডসে স্পিনারদের ১০ উইকেট
দেশ বোলিং প্রতিপক্ষ সাল
জনি ব্রিগস ইংল্যান্ড ১১/৭৪ অস্ট্রেলিয়া ১৮৮৬
হেডলি ভেরিটি ইংল্যান্ড ১৫/১০৪ অস্ট্রেলিয়া ১৯৩৪
সনি রামাধিন ওয়েস্ট ইন্ডিজ ১১/১৫২ ইংল্যান্ড ১৯৫০
রয় ট্যাটারশাল ইংল্যান্ড ১২/১০১ দক্ষিণ আফ্রিকা ১৯৫১
ডেরেক আন্ডারউড ইংল্যান্ড ১১/৭০ নিউজিল্যান্ড ১৯৬৯
ডেরেক আন্ডারউড ইংল্যান্ড ১৩/৭১ পাকিস্তান ১৯৭৪
ইয়াসির শাহ পাকিস্তান ১০/১৪১ ইংল্যান্ড ২০১৬