ইয়াসিরে উজ্জীবিত পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল দলের সঙ্গে অনুশীলনে ইয়াসির শাহ l রয়টার্স
কাল দলের সঙ্গে অনুশীলনে ইয়াসির শাহ l রয়টার্স

আবুধাবি টেস্টের শেষ দিনে ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ যখন টপাটপ পাকিস্তানের উইকেট তুলে নিচ্ছিলেন, ইয়াসির শাহর চোখ দুটো নিশ্চয় চকচক করে উঠেছিল! লেগ স্পিনারদের জন্য উইকেট যে এতটা উপহার লুকিয়ে রেখেছে, ভেবে একটা আক্ষেপের সুরও বেজে ওঠার কথা পাকিস্তানি লেগ স্পিনারের মনে। প্রথম টেস্ট ইয়াসিরের খেলা হয়নি পিঠের চোটের কারণে। পাকিস্তানও বেশ উপলব্ধি করেছে একজন লেগ স্পিনারের অভাব।
তবে আজ থেকে শুরু হওয়া দুবাই টেস্টেই পাওয়া যাচ্ছে ইয়াসিরকে। পেসার রাহাত আলীর বদলে খেলার কথা তাঁর। দুবাই স্টেডিয়ামের সঙ্গে ইয়াসিরের সম্পর্কটা বড় আবেগের। ঠিক এক বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ মাঠেই টেস্টে অভিষেক হয়েছিল ইয়াসিরের। ৭ উইকেট নিয়ে অভিষেকটাও হয়েছিল মনে রাখার মতোই। শুধু তা-ই নয়, অস্ট্রেলিয়াকে ২০ বছর পর ধবলধোলাইয়ে রেখেছিলেন দারুণ ভূমিকা। ১২ উইকেট নিয়ে দুই টেস্টের সিরিজে দ্বিতীয় সেরা বোলার ছিলেন তিনি।
২৯ বছর বয়সী ইয়াসিরের জাদু সেখানেই থেমে থাকেনি। পারফরম্যান্সের গ্রাফটা ঊর্ধ্বমুখীই থেকেছে। এ পর্যন্ত ১০ টেস্টে খেলে নিয়েছেন ৬১ উইকেট। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটাই দেখুন না, ইয়াসিরের স্পিন-বিষে কীভাবে নীল হয়েছিল লঙ্কানরা। তিন টেস্টে ২৪ উইকেট নিয়ে পাকিস্তানের সিরিজ জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। এমন একজনকে দলে ফিরে পাওয়া মানে যেকোনো অধিনায়কের মনে স্বস্তির সুবাতাস বয়ে যাওয়া। পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হকও ব্যতিক্রম নন, ‘সে (ইয়াসির) ফিরছে, এটা আমাদের জন্য দারুণ খবর। প্রথম টেস্টে তাকে ভীষণ মিস করেছি। সে ফেরায় আমাদের স্পিন বোলিং আরও শক্তিশালী হবে।’
স্পিন আক্রমণ আরও শক্তিশালী করতে দলে রাখা হয়েছে সন্দেহজনক বোলিং অ্যাকশনে প্রশ্নবিদ্ধ বিলাল আসিফকেও। পরীক্ষার ফল আসার আগ পর্যন্ত বল করতে পারবেন বিলাল। মিসবাহর বোলিং ভান্ডারে দারুণ সব অস্ত্র যোগ হলেও ভাবনার বিষয় হতে পারে ব্যাটিং। আবুধাবি টেস্টে প্রথম ইনিংসে ৫২৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে হুড়মুড়িয়ে ধসে পড়েছিল পাকিস্তানের ব্যাটিং অর্ডার। সামগ্রিকভাবে পাকিস্তানি ব্যাটসম্যানদের ফর্ম অবশ্য দুর্দান্ত। ২০১৪ জানুয়ারি থেকে এ পর্যন্ত পাকিস্তানি ব্যাটসম্যানদের গড় ৪৩, যা টেস্টে সর্বোচ্চ। এ সময় পাকিস্তানি ব্যাটসম্যানরা করেছেন সর্বোচ্চ ৩০ সেঞ্চুরি।
সিরিজের প্রথম টেস্ট ড্রয়ের পর পাকিস্তান ‘সন্তুষ্ট’ হলেও ইংল্যান্ডের হওয়ার কথা নয়। প্রকৃতি একটু ‘সদয়’ হলে জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়তে পারত অ্যালিস্টার কুকের দল। তবুও ইংলিশদের জন্য প্রতিকূল কন্ডিশনে যা হয়েছে, সেটা খারাপ মনে হচ্ছে না কুকের। সিরিজের বাকি দুই টেস্টেও একই ছন্দ ধরে রাখার প্রত্যয় ইংলিশ অধিনায়কের, ‘টেস্টে আগামী দশ দিনেও আমাদের একই ছন্দ ধরে রাখতে হবে।’ এএফপি, ক্রিকইনফো।