ইয়াসিরে জিতল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াসিরের স্পিনে সিরিজ জিতল পাকিস্তান। ছবি: এএফপি।
ইয়াসিরের স্পিনে সিরিজ জিতল পাকিস্তান। ছবি: এএফপি।

অসম্ভব এক লক্ষ্য সামনে রেখেই মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। খুব বেশি না, ‘মাত্র’ ২৮৫ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু পারেনি সফরকারীরা—ইয়াসির শাহর স্পিন বিষে ১৩৩ রানে হেরে গেছে সিরিজের দ্বিতীয় টেস্ট। এক টেস্ট হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল পাকিস্তান।

টেস্টের পঞ্চম দিনে ২৮৫ রান, হাতে মাত্র ৬ উইকেট। আবুধাবি টেস্ট যে ওয়েস্ট ইন্ডিজ জিতছে না সেটি অনেকটা নিশ্চিত ছিল। সেটি আরও পরিষ্কার হয়ে গেল দিনের দশম ওভারেই। ইয়াসির শাহর বলে ক্যাচ দিয়ে ফিরলেন রোস্টন চেজ। এরপরই যা একটু লড়ল ওয়েস্ট ইন্ডিজ। বলা ভালো, জার্মেইন ব্ল্যাকউড ও শাই হোপ। এ দুজনের ষষ্ঠ উইকেট জুটিতে এল ৫৭ রান। ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিটা যখন প্রায় হাতের নাগালে তখনই আউট হয়ে ব্ল্যাকউড (৯৫ রান)। তিনিও ফিরেছেন ইয়াসিরের শিকার হয়ে। মধ্যাহ্নবিরতির আগেই পঞ্চম উইকেটটিও পেয়ে গেলেন ইয়াসির। ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারকে আউট ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিলেন পাকিস্তানি লেগ স্পিনার।

বিরতির পরও কিছুক্ষণ লড়েছে সফরকারীরা। দেবেন্দ্র বিশুকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েছেন হোপ। কিন্তু জুলফিকার বাবরের বলে স্লিপে ক্যাচ দিয়ে হোপ আউট হওয়ার পরই লড়াই থেমে গেল ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ১১ রানেই শেষ ৩ উইকেট হারিয়ে শেষ হলো ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট পেলেন ইয়াসির।