ইয়াসিরে ম্লান শুভাগতর সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেনি শুভাগত। ছবি: প্রথম আলো
সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেনি শুভাগত। ছবি: প্রথম আলো
• বিকেএসপিতে শাইনপুকুরকে ৫ উইকেটে হারিয়েছে ব্রাদার্স
• শেরেবাংলা স্টেডিয়ামে খেলাঘরের কাছে ১৫ রানে হেরেছে কলাবাগান
• ফতুল্লায় প্রাইম ব্যাংক ৪২ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক

শাইনপুকুরের বিপক্ষে জিততে শেষ ১৮ বলে ২২ রান দরকার ছিল ব্রাদার্স ইউনিয়নের। ৪৮তম ওভারে ১০ রান নিয়ে লক্ষ্যটা ১২ বলে ১২ রানে নামিয়ে আনেন ইয়াসির আলী-নাজমুস সাদাত জুটি। শাইনপুকুরের রায়হান উদ্দিনের করা পরের ওভার থেকে ছক্কা সহ ১১ রান নিয়ে জয়টা হাত ছোঁয়া দূরত্বে এনে দেন ইয়াসির। তাঁর ৩৪ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসটি শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখে ৫ উইকেটে জিতিয়েছে ব্রাদার্সকে।
অথচ বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে জয় তুলে নেওয়ার মতো সংগ্রহই পেয়েছিল শাইনপুকুর। শুভাগত হোমের সেঞ্চুরিতে (১১৬) ৮ উইকেটে ২৮৮ রান তোলে দলটি। ৪ ছক্কা ও ১২ বাউন্ডারিতে ৯৮ বলে তিন অঙ্কের এ ইনিংসটি খেলেন জাতীয় দলে কখনোই থিতু হতে না পারা শুভাগত। আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ৬৮ রানের ইনিংস। ব্রাদার্সের হয়ে ৩ উইকেট নেন সোহরাওয়ার্দী শুভ।
বড় রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে ৮৮ রানের ইনিংস খেলেন মাইশুকুর রহমান। এ ছাড়া দেবব্রত দাসের ব্যাট থেকে আসে ৭৫ রানের ইনিংস। তবে জয়ের শেষ পথটুকু ইয়াসিরের ব্যাটে পাড়ি দিয়েছে ব্রাদার্স।
মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে জয়ের খুব কাছে গিয়েও পারেনি কলাবাগান ক্রীড়াচক্র। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ছুড়ে দেওয়া ২৩৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২২৩ রানেই থেমে যায় কলাবাগানের ইনিংস। তাঁদের প্রথম ছয় ব্যাটসম্যানের কেউ ১৫ রানের কোটা ছুঁতে পারেননি! তাইবুর রহমান (৮১) ও আবুল হাসানের (৭৬) ব্যাটে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও ১৫ রানে হারতে হয় কলাবাগানকে।
তার আগে ভারতের অশোক মানেরিয়ার ৯৫ রানের ইনিংসে ভর করে ২৩৮ রান তোলে খেলাঘর। ৪২ রান করেন অমিত মজুমদার। কলাবাগানের হয়ে ৩ উইকেট নেন রাহাতুল ফেরদৌস।
ফতুল্লায় অপর ম্যাচে অগ্রণী ব্যাংককে ৪২ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। প্রথমে ব্যাটিং করে মেহেদী মারুফের ৫৪ আর মেহরাব জুনিয়রের ৫২ রানে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান তোলে প্রাইম ব্যাংক। এই দুই ব্যাটসম্যান ছাড়াও দেলওয়ার হোসেন করেন ৪১। আগ্রণী ব্যাংকের শফিউল ও রাজা আলী দার নিয়েছেন দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৪৬.৫ ওভারে ২৩০ রানে গুটিয়ে যায় অগ্রণী। ধীমাণ ঘোষের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৩।
প্রাইমের রুবেল হোসেন ও দেলওয়ার হোসেন দুজনেই ৩টি করে উইকেট নিয়েছেন।