ইয়াসিরের চোট গুরুতর নয়

অবসরে ইয়াসিরছবি : শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধাক্কাই ছিল সেটি। শাহিন শাহ আফ্রিদির একটি শর্ট বলে চোখে সরিয়ে মাথার পেছনের অংশে আঘাত পান অভিষিক্ত ইয়াসির আলী। আত্মবিশ্বাসের সঙ্গেই খেলছিলেন তিনি। মাঠ থেকে তুলে নিয়ে হাসপাতালের স্ক্যানিংয়ের জন্য পাঠানো হয়েছিল তাঁকে। সেই রিপোর্টটি ভালো এসেছে। তবে সতর্কতা হিসেবে তাঁকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দিনের প্রথম ওভারেই মুশফিকুর রহিমের ফেরা দলকে বেশ বিপদেই ফেলে দিয়েছিল। কিন্তু চাপের মুখেও লিটন দাস আর ইয়াসির লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন। তবে ওই সময় সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাচ্ছিল অভিষিক্ত ইয়াসিরকেই। প্রথম ইনিংসে ৪ রানে আউট হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে আঘাত পাওয়ার আগে ৭২ বলে ৩৬ করে ফেলেছিলেন। ইনিংসে ছিল ৬টি দারুণ বাউন্ডারি। আঘাত পাওয়ার পর ইয়াসিরের বদলি হিসেবে মাঠে নামানো হয় নুরুল হাসানকে।

আঘাত পাওয়ার আগে ইয়াসির ভালো খেলছিলেন
ছবি: শামসুল হক

বিসিবি জানিয়েছে, ইয়াসিরকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর স্ক্যানিং করা হয়। সমস্যা ধরা না পড়লেও মাথার চোটের কারণেই কিছুটা সতর্কতা অবলম্বন করতে হচ্ছে ইয়াসিরকে নিয়ে।