ইয়াসিরের মুঠোয় বেরোল ওয়ার্নের শতাব্দীর সেরা বল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াসির শাহর সেই জাদু। ভিডিও থেকে নেওয়া ছবি
ইয়াসির শাহর সেই জাদু। ভিডিও থেকে নেওয়া ছবি

২২ বছর আগের কথা মনে করিয়ে দিলেন ইয়াসির শাহ। ওল্ড ট্র্যাফোর্ডের স্মৃতি ফিরিয়ে আনলেন শারজায়। ১৯৯৩ সালে অ্যাশেজ সিরিজে ইংলিশ ব্যাটসম্যান মাইক গ্যাটিংকে এক অসাধারণ বলে বোল্ড করেছিলেন শেন ওয়ার্ন। ক্রিকেট ইতিহাসে যেটি স্মরণীয় হয়ে আছে ‘শতাব্দীর সেরা বল’ নামে। কাল অনেকটা সে ধরনেরই দুর্দান্ত এক ডেলিভারি করলেন পাকিস্তানি লেগ স্পিনার। সাজঘরে ফেরালেন আরেক ইংলিশ ব্যাটসম্যান সামিত প্যাটেলকে।
ক্যারিয়ারের শুরুর দিকেই ইয়াসির তাঁর বোলিংয়ে মুগ্ধ করেছেন সর্বকালের সেরা লেগ স্পিনারটিকে। গত বিশ্বকাপে ওয়ার্ন একদফা ইয়াসিরের সঙ্গে কথা বলেছেন। লুপ্তপ্রায় ক্ল্যাসিকাল লেগ স্পিন শিল্পটাকে নতুন সম্ভাবনা নিয়ে জাগিয়ে তোলার সম্ভাবনা তিনি দেখছেন ইয়াসিরের মধ্যে। শারজা টেস্টের আগেও আরও একবার ইয়াসিরকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন ওয়ার্ন। একসঙ্গে নেটে বল করার প্রস্তাবও দিয়েছিলেন।
নেটে ওয়ার্ন-ইয়াসিরের সেই যুগলবন্দী পরই এই টেস্টে ওয়ার্নের দুই দশক আগের সেই জাদু। এবারও লেগ স্টাম্পের লাইনে বল পড়ে চকিত বাঁক নিয়ে আঘাত হানল অফ স্টাম্পে। প্যাটেল রীতিমতো বোকা বনে গেলেন। একটুতেই অতীতের বড় কোনো কীর্তির সঙ্গে মিল খুঁজে পাওয়ার এই যুগে ইয়াসিরের ডেলিভারিটি আসলেই সেই মর্যাদা পাওয়ার যোগ্য কি না, তা নিয়ে সন্দেহ করতে পারেন। তবে খোদ অস্ট্রেলিয়ারই ফক্স স্পোর্টস শিরোনাম করেছে: ওয়ার্নের বল অব দ্য সেঞ্চুরির মতোই এক ডেলিভারিতে ইয়াসির ক্লিন বোল্ড করলেন প্যাটেলকে। সূত্র: ফক্স স্পোর্টস।

ভিডিও দেখুন:-