ঈদ-আনন্দ ভাগাভাগি করে নিলেন সাকিব-রিয়াদ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে মাহমুদউল্লাহ রিয়াদ এখন ওয়েস্ট ইন্ডিজে। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও ভিডিও দিয়ে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের এ অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে বাংলাদেশ দলে জায়গা হয়নি রিয়াদের। সিপিএলে তিনি খেলছেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। ফেসবুকে এক ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়ে রিয়াদ বলেন, ‘ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। এই পবিত্র দিনে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আপনার সব ধরনের ত্যাগ তিনি কবুল করুন।’

পরিবার ছাড়া ঈদ করার ব্যথাও সমর্থকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ৩১ বছর বয়সী এ অলরাউন্ডার। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এই বিশেষ দিনে পরিবারকে খুব মনে পড়ছে। আশা করি পরিবার ও বন্ধুদের নিয়ে সবার ঈদ ভালো কাটুক। সবাইকে ঈদের শুভেচ্ছা।’
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসানও। আইসিসি র্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটেই শীর্ষ এ অলরাউন্ডার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে তাঁর স্ত্রী শিশিরের সঙ্গে একটি ছবি পোস্ট করে সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়েছেন। এ ছাড়া ফেসবুকে নিজের অ্যাকাউন্টে সাকিব লিখেছেন, ‘ত্যাগের এই ঈদে আমরা যেন সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ভুলি না। ঈদ মোবারক!’

তারকা পেসার মোস্তাফিজুর রহমান তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘ঈদ সবার জীবনে সুখ বয়ে আনুক, ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে সব পাপ ধুয়ে দিক।’ চণ্ডিকা হাথুরুসিংহেও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। জাতীয় দলের কোচ তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘বাংলাদেশের মানুষ এবং আমরা বন্ধুরা যাঁরা আজ ঈদ উদ্যাপন করছেন, তাঁদের সবাইকে ঈদ মোবারক।’