ঈদের আগেই জাতীয় লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ চন্ডিকা হাথুরুসিংহে চান অস্ট্রেলিয়া সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলের খেলোয়াড়েরা দু-একটি দীর্ঘ পরিসরের ম্যাচ খেলুক। বিসিবি হাঁটছে সেই পথেই। কাল টুর্নামেন্ট কমিটির এক সভা শেষে কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন, ঈদুল আজহার আগেই শুরু হবে প্রথম শ্রেণির ক্রিকেটের আসর জাতীয় লিগ।
‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঈদের আগে জাতীয় লিগের অন্তত একটা পর্ব করে ফেলতে। জাতীয় দলের খেলোয়াড়েরা তাতে খেলবে। কোচ চাইলে ঈদের পরও তারা আরেকটা পর্ব খেলতে পারবে’—মিরপুরের বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন আকরাম। লিগ শুরুর সম্ভাব্য সময় ১৫ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে। আর ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে এসে অস্ট্রেলিয়া দল প্রথম টেস্ট খেলতে নামবে ৯ অক্টোবর।
জাতীয় লিগের জন্য ঘোষিত এ সময়টায় এর আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বিসিএল আয়োজনের কথা ছিল। এখন সেটি হবে জানুয়ারিতে। তার আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামে বসবে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের একটি দীর্ঘ পরিসরের ক্রিকেট টুর্নামেন্ট।
এবারের জাতীয় লিগে শুধু ঢাকা প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের নিয়েই দল করা হবে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির প্রধান। আগের মতোই দল করে দেবেন নির্বাচকেরা। তবে টুর্নামেন্টের ফরম্যাট বদলাতে পারে। গতবারের পয়েন্ট তালিকার প্রথম চার দল ও শেষ চার দল নিয়ে দুটি আলাদা গ্রুপে লিগ আয়োজনের চিন্তাভাবনা করছে টুর্নামেন্ট কমিটি।
অনুমতি না নিয়ে যুক্তরাষ্ট্রে ঘরোয়া ক্রিকেট খেলতে যাওয়া ইলিয়াস সানি ও নাদিফ চৌধুরীর বিষয়েও আলোচনা হয়েছে সভায়। বিসিবির সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ থাকার পরও বিনা অনুমতিতে অন্য দেশের লিগে খেলায় তাঁদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির শৃঙ্খলা কমিটিকে।