ঈদের দিন আসছেন পিসিবির প্রধান
দায়িত্ব নিয়েই বলেছিলেন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে চান। শাহরিয়ার খান সেই মিশনের শুরুটা করছেন ভারতকে দিয়ে। সৌহার্দ্যের সফরে ভারত থেকেই ঈদুল আজহার দিন বিকেলে ঢাকায় আসছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান। উদ্দেশ্য একই, বাংলাদেশের সঙ্গে মরচে ধরা ক্রিকেট সম্পর্ক আবার চকচকে করা।
সাবেক কূটনীতিক, রাজনীতিবিদ শাহরিয়ার খান ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত ছিলেন পিসিবির প্রধান। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন গত ১৮ আগস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় একঘরে হয়ে পড়া পাকিস্তানের ক্রিকেটে সুবাতাস বইয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দায়িত্ব নিয়েই। সবচেয়ে বেশি জোর দিচ্ছেন উপমহাদেশের দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে। ভারতে যাচ্ছেন একগুচ্ছ এজেন্ডা নিয়ে। বাংলাদেশ সফরের পেছনেও আছে বেশ কিছু বিষয়। যদিও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বললেন স্রেফ সৌজন্য সফরের কথাই, ‘আমরা এখনো যত দূর জানি, এটা সৌজন্য সফর। দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও ভালো করাই উদ্দেশ্য। এরপর আলোচনায় বসলে অনেক ব্যাপারই উঠে আসতে পারে। তবে এখনো পর্যন্ত এটা শুধুই বন্ধুত্বের সফর।’
তবে একটি সূত্র থেকে জানা গেছে, আলোচনা হবে আরও বেশ কিছু ব্যাপারে। কথা দিয়েও পাকিস্তান সফরে বাংলাদেশ দলের না-যাওয়া নিয়ে দুই দেশের ক্রিকেট সম্পর্কে টানাপোড়েনের শুরু। দ্বিতীয় বিপিএলের ঠিক আগে হুট করেই পাকিস্তানি ক্রিকেটারদের খেলতে আসার অনুমতি বাতিল করে পিসিবি। এর পর থেকে দেশের ঘরোয়া ক্রিকেটে একসময়ের নিয়মিত মুখ পাকিস্তানি ক্রিকেটারদের আর দেখা যায়নি। এবারের সফরে শাহরিয়ার খান কথা বলবেন এটি নিয়েও। বিশ্বকাপের আগে ডিসেম্বর বা জানুয়ারিতে বাংলাদেশে একটি ওয়ানডে সিরিজ খেলতে চায় পাকিস্তান, এই গুঞ্জনও আছে। সেটি হতে পারে আয়ারল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজও। সবই যদিও এখনো অনুমান আর গুঞ্জন। পিসিবির প্রধানের সফরের পরই হয়তো স্পষ্ট হবে বাকিটা।