ঈর্ষান্বিত হাডিন
প্রথম শ্রেণি ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ক্যারিয়ারে তাঁর ২৩টি সেঞ্চুরি। অ্যাশেজের পাশাপাশি জিতেছেন বিশ্বকাপও। তারপরও গতকাল মানুকা ওভালে ওয়েন লেভিংসকে দেখে ‘ঈর্ষান্বিত’ ব্র্যাড হাডিন! হওয়ারই কথা। অস্ট্রেলিয়ার গ্রেড ক্রিকেটে হাডিন সেঞ্চুরি পেয়েছিলেন ১৭ বছর বয়সে। আর লেভিংস সেঞ্চুরি পেল মাত্র ১৩ বছর বয়সে! এ বছর ক্যানবেরার উদীয়মান সাত ব্যাটসম্যানকে পুরস্কৃত করা হলো সেঞ্চুরি করার জন্য। পুরস্কার দিতে গিয়েই লেভিংসকে নিয়ে নিজের ঈর্ষার কথা জানালেন হাডিন, ‘মাত্র ১৩ বছর বয়সেই সেঞ্চুরি করতে দেখে বোঝা যায় এরা কতটা মেধাবী, খেলাটার প্রতি তাদের নিবেদন কত বেশি। এই বয়সে সেঞ্চুরি করা বিরাট ব্যাপার এবং এর স্বীকৃতি থাকা উচিত। আমি যখন প্রথম সেঞ্চুরি পেয়েছিলাম, নিজেকে নির্ভার মনে হয়েছিল। মনে হয়েছিল পিঠ থেকে একটা বড় বোঝা নেমে গেল। সত্যি বলতে আমি খুবই ঈর্ষান্বিত...তারা এই বয়সেই যদি সেঞ্চুরি করে তাহলে অবশ্যই তাদের সামনে সুন্দর একটা ক্যারিয়ার পড়ে আছে।’ সিডনি মর্নিং হেরাল্ড।