উঁকি দিচ্ছে 'বড় কিছু'র চিন্তা

সন্ধ্যা নেমে গেছে। তবু ড্রেসিংরুমে ফেরার নাম নেই। মাঠের এক কোণে তামিম ইকবালকে কী যেন বোঝাচ্ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। ইয়াসির শাহর ওই বলটাই আরও ভালো করে কীভাবে খেলা যেত? নাকি বলছিলেন, ‘হতাশ হয়ো না, আবারও তো সুযোগ আসবে...।’ ড্রেসিংরুমে ফেরার পথে তামিমের চেহারা থেকে তবু হতাশার কালো মেঘ সরল না।
ইনিংসটা বড় করতে না পারায় আফসোস আছে নিশ্চয়ই...
তামিম: তা তো অবশ্যই। কঠিন কাজটা করে আউট হয়ে গেছি। আর এমনও না যে খুব ভালো বলে আউট হয়েছি। আমিই হয়তো আরও ভালোভাবে খেলতে পারতাম। ২৫ ওভার ব্যাট করে পরিশ্রমের কাজটা করে নিয়েছিলাম। ওই বলে আউট না হলে বড় ইনিংস হতে পারত। তবে এই উইকেটে ব্যাট করা সহজ হলেও রান করা কঠিন।
তামিমের হতাশাটুকু বাদ দিলে খুলনা টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ ড্রেসিংরুমে মোটামুটি স্বস্তির হাওয়াই বিরাজ করেছে। কোচ, অধিনায়ক দুজনই দিনের প্রাপ্তিতে খুশি এবং প্রথম ইনিংসে দুজনেরই লক্ষ্য আরও অন্তত দেড় শ রান।
মুশফিক: আমার মনে হয় আরও দেড় শর মতো রান হলে আমরা অনেক নিরাপদে থাকব। এক শ হলে সাড়ে তিন শ হবে, সেটাও খারাপ না। তবে প্রথম ইনিংসে চার শ করতে পারলে ভালো হয়। পরের ইনিংসে রান করা কঠিন হবে।
তামিমের সঙ্গে কথা শেষ করে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ধরলেন ড্রেসিংরুমের পথ। হাঁটতে হাঁটতে তিনিও বলছিলেন, আজ আরও অন্তত দেড় শ রান হলে খুশি হবেন। কিন্তু ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মুমিনুল হক যে বলে গেলেন প্রথম ইনিংসে ৩০০ হলেই যথেষ্ট! তাঁর কথাটাকে উড়িয়ে দেননি হাথুরুসিংহে, ‘মিনি (মুমিনুল) মাত্র ব্যাট করে এসেছে। ওই ভালো বলতে পারবে আসলে কত রান হলে ভালো হয়। তা ছাড়া মাঠের বাইরে থেকে আমারও মনে হয়েছে এই উইকেটে রান করা কঠিন।’
উইকেটের আচরণ দেখেই প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩৬ রানে সন্তুষ্টি ঝরেছে কোচ, অধিনায়কের কণ্ঠে। শেষ বেলায় মুমিনুল আউট না হয়ে গেলে সন্তুষ্টিটা আরও বেশি হতো স্বাভাবিক। তবে যা হয়েছে, সেটাকেও কম মনে করছেন না তাঁরা।
হাথুরুসিংহে: মুমিনুল আউট না হলে অবশ্যই ভালো হতো। তবে আমি ওর ৮০ রানের ইনিংসটাও উদ্যাপন করতে চাই। আমি খুবই খুশি ছেলেদের প্রথম দিনের পারফরম্যান্সে।
মুশফিক: খুশি তো অবশ্যই। ব্যাটিংটা পরিকল্পনা অনুযায়ী হয়েছে। এই উইকেটে রান করা অত সহজ ছিল না। ওরা বাজে বলও দিয়েছে খুব কম। হয়তো দিনের শেষ উইকেটটা না পড়লে আরও ভালো হতো। প্রথম দিনটা তখন পুরোপুরি আমাদের হতো। এখন সমান সমান হয়ে গেছে। তবে ব্যাটিংয়ের দিক দিয়ে আমি সন্তুষ্ট।
অধিনায়কের অতৃপ্তি বলতে উইকেটে সেট হয়েও দুই ওপেনার তামিম ও ইমরুল কায়েস এবং মাহমুদউল্লাহর বড় ইনিংস খেলতে না পারা। তবে দূর থেকে যে রকম উইকেট দেখেছেন, তাতে বাস্তবতা মেনে নিচ্ছেন মুশফিক, ‘কেউ তো ইচ্ছা করে আউট হয় না। তারা বাজে শট খেলে আউট হয়নি। দুর্ভাগ্যই বলতে পারেন। এটা ভালো যে সবাই চেষ্টা করেছে কষ্ট করে রান করতে। কেউ সহজ পথে যায়নি।’
কোচ-অধিনায়কের সান্ত্বনা পেলেও কাটছে না ইমরুলের আফসোস। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টে সেঞ্চুরি আছে। কালও চেয়েছিলেন ইনিংসটাকে সেদিকে নিয়ে যেতে। কিন্তু ৫১ রান করার পর মোহাম্মদ হাফিজের একটা বলে কী করে যেন তাঁর হাতেই ক্যাচ হলো!
ইমরুল: এত কষ্ট করলাম, কিন্তু রান করার সময় হতেই আউট হয়ে গেছি! আজ (গতকাল) উইকেটে রান করা কঠিন ছিল। শটই খেলা যাচ্ছিল না। ওই বলটা একটু ড্রিফট করেছিল। আমি অত জোরেও মারিনি। আস্তে ব্যাটটা ঘুরিয়েছি, তাতেই ক্যাচ উঠে গেছে।
মুমিনুলের আউটের পরই শেষ প্রথম দিনের খেলা। আজ দ্বিতীয় দিনের শুরুতে সাকিব আল হাসানের সঙ্গে জুটি বাঁধবেন মুশফিক, যাতে লক্ষ্য থাকবে ওই একটাই—আরও অন্তত দেড় শ রান। সে জন্য প্রথম সেশনে উইকেট না হারানোটাকে জরুরি মনে করছেন অধিনায়ক, ‘কাল (আজ) প্রথম সেশনটা আমি আর সাকিব উইকেট না হারিয়ে খেলতে পারলে ভালো একটা অবস্থানে যেতে পারব আমরা। উইকেট এর মধ্যেই ভাঙতে শুরু করেছে। ওদের যেহেতু চতুর্থ ইনিংস খেলতে হবে, প্রথম ইনিংসের রানটা ভালো থাকলে বড় কিছু চিন্তা করা যাবে।’
কী সেই বড় কিছু? থাক, এখনই সে কল্পনায় না যাওয়া ভালো। টেস্ট ক্রিকেটের রং যে ক্ষণে ক্ষণে বদলায়!