উইকেট নিয়ে আপত্তি থাকলে অবসরের পরামর্শ
বাবর আজমকে ধন্যবাদ দিতে পারেন রমিজ রাজা। তাঁর অসাধারণ এক ইনিংসেই যে আলোচনার বিষয় কিছুটা বদলেছে। ২৪ বছর পর পাকিস্তানে সফর করতে এসেছে অস্ট্রেলিয়া। এমন ঐতিহাসিক মুহূর্তেও প্রথম দুই টেস্টের প্রায় পুরো সময়টা উইকেটের আচরণ নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে ভোঁতা বানাতে একদম নিষ্প্রাণ দুটি উইকেট উপহার দিয়েছেন রাওয়ালপিন্ডি ও করাচির কিউরেটররা। এর পেছনে নিজের যুক্তি দেখিয়ে সমালোচনা শুনেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান।
প্রাণহীন উইকেটে শুধু পেসার নন, স্পিনাররাও দাগ কাটতে পারেননি তেমন। বোলারদের ম্যাচে কোনো প্রভাব রাখার সুযোগ না দেওয়ায় রাওয়ালপিন্ডির উইকেটকে ‘গড়পড়তার নিচে’ রেটিং দিয়ে এক ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি। করাচি টেস্ট এমন শাস্তি এড়ালেও প্রথম দুই দিনে করাচির উইকেটও সাবেক ও বর্তমান ক্রিকেটারদের বিরক্তির কারণ হয়েছে। সাঈদ আজমল একটু ব্যতিক্রম। উইকেট নিয়ে অনুযোগ না করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বলছেন সাবেক অফ স্পিনার।
লাহোরে আজ থেকে শুরু হয়েছে সিরিজের তৃতীয় টেস্ট। এ ম্যাচের আগে পাকিস্তানের বর্তমান বোলিং আক্রমণের কথা চিন্তা করে একটু স্পিনবান্ধব উইকেট বানানোর পরামর্শ দিয়েছেন আজমল।
তবে ক্রিকেট পাকিস্তানের সঙ্গে কথোপকথনে বর্তমান স্পিনারদের এতটা উইকেটের ওপর নির্ভর করায় বিরক্তি প্রকাশ করেছেন, ‘যদি স্পিনাররা উইকেট দেখে, তারপর বল করতে যায়, তাহলে আর স্পিনার হওয়ার কী দরকার? সব ধরনের কন্ডিশনে খেলা শিখতে হবে স্পিনারকে। এটা একদম ব্যাটিং উইকেট ছিল এবং সত্যি বলতে টেস্টে অধিকাংশ উইকেটই এমন। মনে করা হয়, পাকিস্তানে সব সময় স্পিন উইকেট বানানো হয়। এমনটা কখনোই ছিল না। যখন আমরা সংযুক্ত আরব আমিরাতে খেলতাম, আমাদের বল ঘোরাতে হতো, আর সেটা এমনি এমনি হয়ে যেত না।’
বর্তমানে পাকিস্তান দলে যাঁরা খেলছেন, তাঁদের অধিকাংশ বল ঘোরাতে পারেন না বলে ধারণা আজমলের, ‘এখানে দুটি ব্যাপার আছে—আপনি নিজে বল ঘোরাতে জানেন, আরেকটা হলো যখন বল এমনিতেই ঘোরে। এটা পুরোপুরি ভিন্ন দুটি জিনিস। যে বল ঘোরাতে জানে, সে যেকোনো কন্ডিশনে উইকেট নিতে পারে। আমাদের (পাকিস্তানের বর্তমান বোলাররা) সমস্যা হলো আমরা বলের গতির পার্থক্য যথেষ্ট পরিমাণে কাজে লাগাতে পারি না।’ বল ঘোরাতে পারার জন্য বিখ্যাত ছিলেন আজমল। অফ স্পিন তো ছিলই, তাঁর দুসরাও ভয়ংকর বাঁক নিত। কিন্তু বোলিং অ্যাকশন সন্দেহের মুখে পড়ার পর তাঁর বল ঘোরানোর সব ক্ষমতা হারিয়ে গিয়েছিল।
বর্তমান পাকিস্তান দলে বল ঘোরাতে পারেন, এমন কাউকে না দেখলেও ‘মন্দের ভালো’ একজনকে পেয়েছেন আজমল। রাওয়ালপিন্ডির মরা উইকেটেও বাঁহাতি স্পিনার নোমান আলী ৬ উইকেট পেয়েছেন। আজমল তাঁকেই উদাহরণ হিসেবে ব্যবহার করছেন, ‘নোমান আলী মোটামুটি ভালোই করেছে। ক্যামেরন গ্রিনের উইকেট এর সবচেয়ে ভালো উদাহরণ। বল লেগ সাইডে পড়ে মিডল ও অফ স্টাম্পে লেগেছে। এমন খুব বেশি বল করা হয়নি। কিন্তু যখন উইকেট সাহায্য করে না, তখন কীভাবে বল করতে হয়, এটা তার উদাহরণ।’
আজমলের ধারণা, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা ক্রিকেটারের দায়িত্ব। ব্যাটিং-সহায়ক উইকেটে খেলতে না পারলে অবসর নিয়ে নেওয়ার পরামর্শ তাঁর, ‘উইকেট নিতে হলে ধৈর্য লাগে। আপনাকে ৮ থেকে ১০ ওভার ভালো বল করে ব্যাটসম্যানের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াই করতে হয়। এরপর আপনার পরিকল্পনা কাজে লাগাবেন। আপনি যদি মরা উইকেট নিয়ে অভিযোগ জানাতে চান, তাহলে অবসর নেওয়াই ভালো।’