উইকেট নিয়ে আহা উঁহু কেন, প্রশ্ন কোহলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকেট নিয়ে কথা ওঠার কারণ দেখেন না কোহলি। ছবি: রয়টার্স
উইকেট নিয়ে কথা ওঠার কারণ দেখেন না কোহলি। ছবি: রয়টার্স

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে সবচেয়ে বেশি দাপট কার ছিল? ‘পারফরম্যান্স’ দিয়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে কে? নাহ, কোনো বোলার নয়, ব্যাটসম্যান কিংবা ফিল্ডারও নয়। এমনকি দ্বিতীয় টেস্টের পুরো চারটি দিন ভাসিয়ে নিয়ে যাওয়া বৃষ্টিও নয়। সিরিজে সবচেয়ে ‘আলোচিত’ পারফরমারের নাম...‘উইকেট!’ আরেকটু নির্দিষ্ট করে বললে—স্পিনিং উইকেট। তবে এই উইকেট নিয়ে এত আলোচনা একেবারেই পছন্দ নয় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। তাঁর প্রশ্ন, এই উইকেট নিয়ে মুখে ফেনা তুলে ফেলার কারণটা কি!


ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে উইকেট নিয়ে প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক। দুই টেস্ট মিলিয়ে সাকল্যে যে ছয়টি দিন খেলা হয়েছে, তাতে ঘূর্ণি বোলারদের প্রতি নিজের ‘নিঃস্বার্থ ভালোবাসা’ জানিয়েছে বেঙ্গালুরু আর মোহালির পিচ। দক্ষিণ আফ্রিকার চেয়ে অবশ্য এতে লাভটা অনুমিতভাবেই ভারতের বেশি হয়েছে। টেস্টে দ্বিতীয়-তৃতীয় দিনেই বল যেভাবে নিচু হয়ে এসেছে, যেভাবে ধুলো উড়েছে উইকেটে—তাতে আজ নাগপুরে শুরু হওয়া তৃতীয় টেস্টের আগেও যে এই উইকেটই যে সবচেয়ে বেশি আলোচিত হবে তাতে সন্দেহ কি!

তবে এই বিষয়টিতে বেশ বিরক্তই হচ্ছেন কোহলি। উইকেট নিয়ে এত এত আলোচনা কেন, এ বিষয়টিকে নিজের কাছে ‘দুর্বোধ্য’ ব্যাপার জানিয়ে বেশ ‘আকাট্য’ যুক্তিই তুলে ধরলেন তিনি, ‘জানি না উইকেট নিয়ে এত কথা কেন হচ্ছে! এই উইকেটে খেলতে তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না। যদি দুই দলেরই উইকেটে সমস্যা থাকে, তাহলে তাকে ‘অনুপযুক্ত’ বলা যেতে পারে। কিন্তু আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না।’

যতটুকু শোনা যাচ্ছে, নাগপুরের তৃতীয় টেস্টেও ভারতের ‘খেলতে কোনো সমস্যা’ হবে না। এবারও নাকি উইকেট তৈরি হয়েছে স্পিনারদের কথা মাথায় রেখে। প্রথম দুই টেস্টের মতো এবারও বল বেশ নিচু হয়ে আসবে। তবে
কোহলির দাবি, তাঁরা উইকেট নিয়ে এতকিছু ভাবছেন না। দলের বৈঠকেও উইকেট কোনো আলোচ্য বিষয় নয়, জানিয়ে ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন, ‘উইকেট নিয়ে আমাদের মধ্যে কোনো কথাই হয়নি। যারা এ নিয়ে কথা বলতে চায়, বলতে পারেন। আমরা পাঁচ দিনের কথা মাথায় রেখেই দল সাজাব, প্রথম দিনে উইকেট কেমন দেখায় সেটি ভেবে নয়।’

সিরিজে এখন পর্যন্ত যে দুটি টেস্ট হয়েছে, তাতে ভারতের ঘূর্ণি-বিষেই নীল হয়েছে দক্ষিণ আফ্রিকা। যে তিনটি ইনিংস পুরো ব্যাট করেছে প্রোটিয়ারা (প্রথম টেস্টে দুই ইনিংস ও বৃষ্টিতে ভেসে যাওয়া টেস্টে একমাত্র ইনিংস), তাতে অশ্বিন-জাদেজাদের স্পিনের সামনে বেশ অসহায়ই ছিলেন তারা। বিতর্কটা আসলে শুরু হয়েছে এখানেই। কথা উঠেছে, স্বাগতিকের সুবিধা নিতে ভারতের এ কী এমন উইকেট বানানো উচিত হয়েছে?

পাল্টা যুক্তি আছে ভারতের পক্ষেও। তারা বলতেই পারে, কই আমরা যখন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা যাই, তখন তো বুক সমান বাউন্সের গতিময় উইকেটেই খেলতে হয় আমাদের! পেস বোলিং যেমন ক্রিকেটের অংশ, স্পিনও তো তেমনি ক্রিকেটেরই অংশ। ব্যাটিংয়ের দক্ষতা দরকার দুই ধরনের বোলিং মোকাবিলাতেই। তা-ই স্বাগতিক হওয়ার স্বাধীনতাটা ভারত যদি নিতে চায়, তাদের কিন্তু একেবারেই দোষ দেওয়া যায় না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।