জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট তাহলে দুর্বোধ্য ঠেকেছে অস্ট্রেলিয়া দলের কাছেও! কোচ ড্যারেন লেম্যানের কথা এবং অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ—দুটি মিলে স্পষ্ট, বাংলাদেশের ব্যাটসম্যানদের মতো চট্টগ্রাম টেস্টের উইকেটটাকে পড়তে পারেননি তাঁরাও।
টার্নের আশায় অস্ট্রেলিয়াও তিন স্পিনার নিয়ে খেলছে ম্যাচটা। অথচ কাল দিন শেষে দলের কোচ বললেন, ‘প্রথম টেস্টের তুলনায় সম্পূর্ণ অন্য রকম এক উইকেট দেখছি এখানে। আমি ভেবেছিলাম এখানকার উইকেটেও অনেক বেশি টার্ন থাকবে। কিন্তু এটা অনেকটা উপমহাদেশের প্রথাগত উইকেটের মতোই হয়েছে। তবে এখানে তো আমাদের পছন্দ করার কিছু নেই। ব্যাপারটা বাংলাদেশের ইচ্ছার ওপর নির্ভর করেছে।’ লেম্যানের অবশ্য ধারণা, ম্যাচ যত সামনে এগোবে বল ততই টার্ন করতে শুরু করবে।
উইকেটে টার্ন না থাকলেও বাউন্স একটু কমই আছে। বল আসে নিচু হয়ে। স্পিনাররা চাইলে যে এমন উইকেট থেকেও সাফল্য তুলে নিতে পারেন, সেটার প্রমাণ অস্ট্রেলিয়ার নাথান লায়নের ৭ উইকেট। কোচ প্রশংসায় ভাসালেন এই অফ স্পিনারকে, ‘দারুণ বল করেছে ও। এই কন্ডিশনে দিনে দিনে ও অসাধারণ হয়ে উঠছে। বলে বৈচিত্র্য আনছে, বোলার হিসেবে আরও পরিণত হয়ে উঠছে। ফিঙ্গার স্পিনার হয়েও টেস্টে জেসন গিলেস্পির ২৫৯ উইকেট অতিক্রম করা বিরাট ব্যাপার।’
ব্যাটিংয়ে ওপেনার ডেভিড ওয়ার্নার আর পিটার হ্যান্ডসকম্বই এখন পথ দেখাচ্ছেন অস্ট্রেলিয়া দলকে। ওয়ার্নারের কথা নতুন করে বলার কিছু নেই। ১০ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন ২৬ বছর বয়সী হ্যান্ডসকম্বেও কম মুগ্ধ নন লেম্যান, ‘অনেক সাহসী ব্যাটসম্যান ও। কাল (পরশু) থেকেই প্রচণ্ড গরম পড়ছে এখানে। রান করা অনেক কষ্টের। তার মধ্যেও ওরা যেভাবে খেলে যাচ্ছে, এক কথায় অসাধারণ।’
টেস্টের তৃতীয় দিনটাকে ‘বিশেষ দিন’ ধরে দ্বিতীয় দিন শেষে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যানের প্রতি বিশেষ যত্নশীল হয়েছে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট। ম্যাচ শেষে বরফ-স্নান তো নিয়েছেনই, পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে দলের মেডিক্যাল টিমের হাতে। যেন দুজনকেই আজকের জন্য ঠিকভাবে প্রস্তুত করে রাখা যায়।
বাংলাদেশ দল নিয়ে কথা সামান্যই বলেছেন লেম্যান। তাঁর মূল্যায়ন, কাল দিনের শেষ ভাগে বাংলাদেশের পরিকল্পনায় বিশেষ কিছুর ছাপ ছিল না, ‘বেশির ভাগ দল যেটা করে, তারাও সে রকম উইকেট ফেলারই চেষ্টা করে গেছে। প্রথম টেস্টে সাকিব খুবই ভালো বল করেছিল। তবে আমরা মনে করি, যে কারও বলেই আউট হওয়া সম্ভব এবং সেটা মাথায় রেখেই ব্যাটসম্যানদের উইকেটে থাকাটা নিশ্চিত করার চেষ্টা করছি।’