উইকেট নেওয়ার মতো পেসার ‘যেদিন আল্লাহ দেয়’

টেস্টে তেমন কার্যকর হতে পারছেন না পেসার ইবাদত হোসেনছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের টেস্ট পেসারদের ‘কমন সেন্স’ নিয়ে প্রশ্ন তুলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। উইকেট বুঝে বোলিং করতে পারেন না পেসাররা—এমন কথাও বলেছেন তিনি।

অনুশীলনে ঘাটতি থাকে না, তবে দক্ষতা প্রয়োগের ক্ষেত্রেই ঝামেলা বলেও মনে করেন বিসিবির এই পরিচালক।

চট্টগ্রাম ও ঢাকা—দুই টেস্টেই বাংলাদেশ খেলাচ্ছে দুজন করে পেসার। প্রথম টেস্টে ইবাদত হোসেনের সঙ্গে ছিলেন আবু জায়েদ, দ্বিতীয় টেস্টে খেলছেন খালেদ আহমেদ।

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ইনিংসের ৪টি উইকেটের মধ্যে দুটিই নিয়েছেন ইবাদত ও খালেদ। সম্প্রতি টেস্টেও প্রথম পছন্দের পেসার হয়ে উঠলেও চোটের কারণে এ সিরিজে খেলছেন না তাসকিন আহমেদ।

কন্ডিশন বুঝেই সামনে নিউজিল্যান্ড সিরিজে নিশ্চিতভাবেই পেসারদের ভূমিকা বেড়ে যাবে। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উইকেট নেওয়ার মতো পেসার কবে পাওয়া যাবে, এমন প্রশ্নের জবাবে মাহমুদ বলেন, ‘এটা যেদিন আল্লাহ দেয়। এ ছাড়া আর কী বলব। প্রচুর অনুশীলন করে, ৬ ফুট লম্বা, (ঘণ্টায়) ১৪০ (কিলোমিটার) গতিতে বোলিং করে, কিন্তু কোচ তো কাউকে গুলিয়ে খাইয়ে দিতে পারবে না। এটা “কমন সেন্সের” বিষয়। কোচরা অনুশীলন করায়, কিন্তু খেতে তো হবে আপনার। চিবোতে হবে আপনার। আপনি যদি চিবোতে না পারেন…।’

খালেদ আহমেদও প্রয়োজনের সময় উইকেট এনে দিতে পারছেন না
ছবি: শামসুল হক

নিজেদের খেলার সময়ের প্রসঙ্গ টেনে মাহমুদ এরপর যোগ করেন, ‘মাশরাফি কীভাবে উইকেট পেয়েছে? তাপস বৈশ্য কীভাবে উইকেট পেত? তখন তো আমরা আরও পারতাম না, আরও জানতাম না। এখন তো আমাদের বোলিং কোচ আলাদা, এই কোচ, ওই কোচ আলাদা। (অবশ্য এই প্রশ্নটা) বোলিং কোচের কাছে করলে ভালো হতো।’

এমনিতে ঢাকা টেস্টে দলের সঙ্গে নেই এ সিরিজেই ‘টিম ডিরেক্টর’ হিসেবে নিয়োগ পাওয়া মাহমুদ। চট্টগ্রাম টেস্টের পরই জৈব সুরক্ষাবলয় থেকে বেরিয়ে গেছেন তিনি।

তবে বাইরে থেকে দেখে তাঁর মনে হয়েছে, বোলারদের মূল ভুলটা ‘কমন সেন্সেই’, ‘এই উইকেটে কীভাবে বোলিং করতে হবে—উইকেটে বল ধরছিল কিন্তু এরপরও আমরা পেছনে পেছনে (শর্ট লেংথে) বল করেছি। এটা তো বোলিং কোচ উত্তর দেবে। (তবে) বোলিং কোচের পরিকল্পনা যদি (মাঠে) প্রয়োগ করতে না পারে তাহলে কোচকে জিজ্ঞাসা করবে। ওদের শক্তির জায়গা, কোনটা দুর্বলতার জায়গা—তারা জানবে। আমি একটা ম্যাচের কথা বলি। জাস্টিন ল্যাঙ্গার ও ম্যাথু হেইডেন ব্যাটিং করছিল অস্ট্রেলিয়াতে, আমি তখন অধিনায়ক। ডেভ হোয়াটমোর (তখনকার হেড কোচ) পরিকল্পনা দিয়েছেন ওদের শক্তির জায়গায় না করতে। আমরাও বাইরে বোলিং করে গেছি। আমার কথা হলো, আমি জোরে বল করি (আর যা–ই করি), দক্ষতা একটা ভিন্ন জিনিস। দক্ষতা আলাদা, বোধ–বুদ্ধিও আলাদা।’