উইকেট নেওয়ার লাইসেন্স করিয়েছেন অশ্বিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানবন্যার সফরে উইকেট নেওয়াই লক্ষ্য অশ্বিনের। ছবি: এএফপি
রানবন্যার সফরে উইকেট নেওয়াই লক্ষ্য অশ্বিনের। ছবি: এএফপি

ওয়ানডে সিরিজ দেখেছে রানের বন্যা। ৫ ওয়ানডেতে হয়েছে তিন হাজারেরও বেশি রান। প্রথম টি-টোয়েন্টিতেও একই ধারায় রান করেছেন ভারত ও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। বোলাররা যেন এখানে শুধুই আনুষ্ঠানিকতার অংশ।
টেস্ট ও টি-টোয়েন্টি দুই সংস্করণের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিনও খুব একটা পাত্তা পাচ্ছিলেন না। ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে ১২৮ রান দিয়ে পেয়েছিলেন ২ উইকেট। শেষ তিন ওয়ানডেতে তাই আর সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন। ফিরলেন প্রথম টি-টোয়েন্টিতে। বলও হাতে পেলেন ইনিংসের দ্বিতীয় ওভারে। তাতে ভারতীয় অফ স্পিনারের ওপর রীতিমতো ঝড় বইয়ে অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ তুলে নেন ১৭ রান।
দ্বিতীয় স্পেলে ফিরে এসে অবশ্য নিজেকে ফিরে পান অশ্বিন। শেষ তিন ওভারে ১১ রান দিয়ে ফিরিয়ে দেন ফিঞ্চ ও ওয়াটসনকে। এভাবে ‘শোধ তুলে’ ব্যাটসম্যানদের একটা বার্তা দিয়ে দিলেন অশ্বিন। আগামীকাল মেলবোর্নে দ্বিতীয় টি-টোয়েন্টি, তার আগে আজ সংবাদ সম্মেলনে ২৯ বছর বয়সী অফ স্পিনার তা-ই বললেন, ‘ব্যাটসম্যানরা যেমন ইচ্ছেমতো মারছে, তেমনি ইচ্ছেমতো উইকেট তিনিও তুলতে পারেন।’
সিরিজে তাঁকে পেলেই যেন মারমুখী হয়ে উঠছে অস্ট্রেলীয় ব্যাটসম্যানেরা। তবে অশ্বিন তাতে ভড়কে যাচ্ছেন না। বরং এই আক্রমণ সামলানোর মতো ‘অস্ত্র’ তাঁর হাতে আছে জানিয়ে বললেন, ‘টুর্নামেন্টটা ব্যাটসম্যানদের। তাই এখানে মূল বিষয়গুলোর দিকেই নজর দিতে হবে, ঠিক জায়গায় বল ফেলে যেতে হবে। (টি-টোয়েন্টিতে দ্বিতীয় স্পেলে) যখন ফিরে এলাম, আমার সঠিক পরিকল্পনা ছিল, বৃত্তের বাইরে অতিরিক্ত একজন খেলোয়াড়ও ছিল। যদি ওদের মারার লাইসেন্স থাকে, তবে আমারও উইকেট নেওয়ার লাইসেন্স আছে।’

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের যেন লক্ষ্য ছিল অশ্বিনই। তবে এই ‘চ্যালেঞ্জ’কে স্বাগতই জানাচ্ছেন ভারতীয় অফ স্পিনার, ‘যদি এটা ওদের ম্যাচ-পরিকল্পনায় থাকে, তাহলে আমি চাইব ওরা যেন এই পরিকল্পনা চালিয়ে যায়। মনে হয় এই চ্যালেঞ্জে জেতার মতো যথেষ্ট দক্ষতা আমার আছে।’
অ্যাডিলেডে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে রান বেশি দিলেও পরে উইকেট তুলে নিয়ে দলকে জিতিয়েছেন অশ্বিন। তবে এভাবে রান দেওয়ায় অস্বাভাবিক কিছু দেখেন না তিনি, ‘প্রথম ওভারটা আমি ভালো বলই করেছি। ভুল কিছু ছিল না। তবু রান হয়ে গেল। ওয়ানডে সিরিজজুড়েও নাথান লায়ন হোক, বা কেন রিচার্ডসন, সবাই ৭০ বা তার বেশি রান দিয়েছে। তাই রান নয়, এখানে আসল ব্যাপার উইকেট নেওয়া। আর বিশ্বাস ধরে রেখে ভালো বল করতে থাকা।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।