উইকেট নয়, যেন মুড়ি মুড়কি!

টেস্টে পাঁচ উইকেট নিতে কতক্ষণ লাগতে পারে? প্রশ্নটা রেমন্ড প্রাইসকে জিজ্ঞেস করতে পারেন। ৫ উইকেটের ‘মূল্য’ প্রাইস যে খুব ভালো করে জানেন। একবার ৫ উইকেট নিতে গিয়ে জিম্বাবুয়ের এই স্পিনারকে বল করতে এসেছিল ৭৯টি ওভার!
সেখানে স্টুয়ার্ট ব্রডের লাগল মাত্র ৩১টি বল! জোহানেসবার্গ টেস্টে মাত্র ১ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন এই ইংলিশ পেসার। একপর্যায়ে তো মনে হচ্ছিল, হাত ঘোরাচ্ছেন আর উইকেট তুলে নিচ্ছেন। এমন ঘটনা অবশ্য এই প্রথম নয়, এর আগেও মাঝে মধ্যেই এ রকম খুনে মেজাজের ব্রডের দেখা মিলেছে মাঝে মধ্যেই। যেখানে রীতিমতো মুড়ি মুড়কির মতো উইকেট পেয়েছেন ব্রড।
গত অ্যাশেজেই যেমন ট্রেন্ট ব্রিজে সিরিজ বাঁচাতে নেমেছিল অস্ট্রেলিয়া। কিন্তু তাদের সিরিজ হার নিশ্চিত হয়ে যায় মাত্র ১৭ বলেই। ব্রড সেদিন প্রথম ৫ উইকেট বল খরচ করেছিলেন মাত্র ১৯টি। নিজের তৃতীয় বলে প্রথম উইকেটটি পেয়েছিলেন। চতুর্থ ওভারের প্রথম বলেই পঞ্চম উইকেটটি পেয়ে গেলেন। ১৭ বলের এই ধ্বংসযজ্ঞ থামেনি সেখানে, পুরো ইনিংস জুড়েই চলেছে ব্রডের এমন অত্যাচার। ৯.৩ ওভারে ১৫ রানে ৮ উইকেট নিয়ে সেদিন অস্ট্রেলিয়াকে অলআউট করে দিয়েছিলেন মাত্র ৬০ রানেই। সেদিন এক একটি উইকেট পাওয়ার পর ব্রডের উদ্যাপন ভঙ্গির নামই হয়ে গিয়েছিল—‘ওহ্ মাই ব্রড’!
২০১৩ সালের লর্ডস টেস্টে জয়ের জন্য ২৩৯ রান প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। কিন্তু এর পর যা ঘটল তাঁর সবচেয়ে ভালো বর্ণনা দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম, ‘এক ঘণ্টার এক পাগলামি’। ৩২ বলের মধ্যে ২২ রান দিয়ে ৫ উইকেটে তুলে নিলেন ব্রড। সব মিলিয়ে ৪৪ রানে ৭ উইকেট ব্রডের, নিউজিল্যান্ড অলআউট ৬৮ রানে।
ব্রডের এমন উইকেট উৎসবের শিকার হয়েছিল ভারতও। ২০১৪ সালে ওল্ড ট্রাফোর্ডে ভারতীয় ব্যাটসম্যানদের পেস-বাউন্সে রীতিমতো নাকানি-চুবানি খাইয়েছিলেন। ২৫ বলে ৬ উইকেট পেয়েছিলেন সেদিন, এর মাঝে শেষ ৪ উইকেট পেয়েছেন মাত্র ২১ বলে ৬ রানের বিনিময়ে। ম্যাচটি ইংল্যান্ড জিতেই নিয়েছিল ইনিংস ব্যবধানে। কিন্তু ম্যাচ জেতার মুহূর্তে মাঠে থাকতে পারেননি ব্রড। সতীর্থদের ‘অপমানে’র প্রতিশোধ নিতেই যেন ব্রডকে সামনে পেয়ে বাউন্সার ছুড়েছিলেন বরুণ অ্যারন। তাতে নাক ভেঙে আর মাঠে নামতে পারেননি ব্রড।
অস্ট্রেলিয়ার বিপক্ষেই আরেকবার নিজের খুনে মেজাজটা দেখিয়েছিলেন ব্রড। ২০১৩ সালে ডারহাম টেস্টে ২৯৯ রান তাড়া করে অস্ট্রেলিয়া ১৬৭ রান করে ফেলেছিল মাত্র ২ উইকেটেই। তখনই ঘুম ভাঙল ব্রডের কিংবা জেগে উঠল সেই বিধ্বংসী ব্রড। মাত্র ৪৫ বলের মধ্যে ৬ উইকেট তুলে নিলেন অস্ট্রেলিয়ার। ব্রডের এমন অগ্নিমূর্তির সামনে পড়ে সফরকারীরা ম্যাচ হারে ৭৪ রানে! সূত্র: এএফপি।