উইকেটই বুঝতে পারেনি বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টস জিতে মুশফিক কেন ফিল্ডিং নিলেন, সেটি নিয়েই প্রশ্ন। ছবি: টুইটার
টস জিতে মুশফিক কেন ফিল্ডিং নিলেন, সেটি নিয়েই প্রশ্ন। ছবি: টুইটার

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি পর্যন্ত অবাক, মুশফিকুর রহিম কেন এই উইকেটে টস জিতে ফিল্ডিং নিলেন! অবাক সাব্বির রহমানও। দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে আসা বাংলাদেশের এই তরুণ ব্যাটসম্যান বলছেন, পচেফস্ট্রুমের উইকেট দেখে তাঁর মনে হচ্ছে চট্টগ্রাম কিংবা ঢাকায় খেলছেন!

দক্ষিণ আফ্রিকার প্রথাগত উইকেট যতটা গতিময় ও বাউন্সি দেখা যায়, পচেফস্ট্রুমে সেটা দেখা যাচ্ছে কোথায়? এই উইকেটে তবে টস জিতে কেন ফিল্ডিং নিলেন মুশফিক? বাংলাদেশ কি উইকেট দেখে বুঝতে পারেনি? সাব্বির যা বললেন, তাতে অবাকই হবেন, ‘আসলে দেখে (উইকেট) কিছু বলা যায় না। খেলে বোঝা যায় উইকেট কেমন। খেলার পর বুঝেছি উইকেট ওই রকম নয়। যেহেতু ফ্ল্যাট উইকেট, ওভাবেই বোলিং করতে হবে। আমরা সেভাবে বোলিং করতে পারিনি, তবে রান আটকানোর চেষ্টা করেছি। শেষের (দিনের) দিকে রান একটু কমও হয়েছে।’
উইকেট দেখে যদি না-ই বোঝা যায়, তাহলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ক্রিকেট-জ্ঞান নিয়েও প্রশ্ন তোলা যায়! কালও তো অধিনায়ক মুশফিক জানিয়েছেন, উইকেট শুকনো মনে হচ্ছে। আগের দিনেও যে উইকেট সবুজ মনে হয়নি, জেনেশুনে তবে কেন বিষপান? সাব্বির অবশ্য যুক্তি দেখালেন, দক্ষিণ আফ্রিকায় টস জিতে ফিল্ডিং নেওয়া খুব স্বাভাবিক ঘটনা, ‘দক্ষিণ আফ্রিকায় এসেছেন খেলতে। আপনি টস জিতে অবশ্যই ফিল্ডিং নেবেন। যেকোনো অধিনায়কই নেবে। আমরা বুঝতে পারিনি উইকেট এমন ফ্ল্যাট হবে। এখন চেষ্টা করছি রান যতটা কম দেওয়া যায়।’
দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে এসে টস জিতেই ফিল্ডিং নেওয়ার ফল কি জানে বাংলাদেশ? দক্ষিণ আফ্রিকায় টস জিতে ফিল্ডিং নিয়েছে সর্বশেষ এমন পাঁচ টেস্টে চারটিতেই হেরেছে সফরকারীরা। বাকিটা ড্র। এই টেস্ট বাংলাদেশ বাঁচাতে পারবে কি না, সেটা পরের কথা। প্রথম দিনে ১ উইকেটে ২৯৮ করা দক্ষিণ আফ্রিকা থামবে কত রানে, সেটাই হচ্ছে প্রশ্ন। সাব্বির তো ঘুরেফিরে বললেন, যতটা সম্ভব কম রানে আটকাতে চান দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু সেই রানটা কত হতে পারে, সেটি বলতে পারলেন না, ‘ওরা যদি তিন দিন ব্যাট করে বলতে পারবেন না কত হতো পারে। ১ হাজার, ৭০০ হতে পারে! ওরা যত বেশি করবে, আমাদের তত বেশি সমস্যায় পড়তে হবে।’
এই উইকেটে বাংলাদেশের বোলিং এতটাই নখ-দন্তহীন যে দক্ষিণ আফ্রিকা তিন দিনও ব্যাটিং করতে পারে! স্লগ করার পরই রক্ষণাত্মক ভঙিতে সাব্বিরের জবাব, ‘আমরা ভালো না বোলিং করতে পারলে পাঁচ দিনও ব্যাটিং করতে পারবে! আমরা চেষ্টা করব উইকেট নেওয়ার। চেষ্টা করব ভালো জায়গায় বল করতে। এর মধ্যে রানটা আটকে রাখতে পারলে আমাদের লাভ।’