উইকেটে কোনো জুজু দেখেননি ধোনি

নাগপুরের উইকেট নাকি ভারতীয় ক্রিকেট দলের ব্যবস্থাপত্র অনুসরণ করে তৈরি করা হয়েছিল। আর ওই উইকেটেই এমন ভরাডুবি স্বাগতিক দলের! নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে যাওয়ার পর উইকেট নিয়ে যতই সমালোচনা হোক, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চোখে ‘খলনায়ক’ আসলে তাঁর দলের ব্যাটসম্যানরাই।
নিউজিল্যান্ডের ১২৬ রানটা খুব সহজেই টপকে যাবে ভারত—এমন আশাবাদী মুখগুলো এখন চুপসে গেছে। রোহিত শর্মা-শিখর ধাওয়ান-বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনি-যুবরাজ সিংদের নিয়ে গড়া শক্তিশালী ব্যাটিং লাইনআপ যে মিচেল স্যান্টনারের মতো এক নবাগত স্পিনারের ঘূর্ণিতে খাবি খাবে, এটা কেউ ভাবতেও পারেননি। কিন্তু শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের স্পিনাররা মিলে ভারতের নয় উইকেট তুলে নিলেন, অনেকে তাই খুঁজে ফিরছেন নাগপুরের উইকেটের দোষ-ত্রুটি!
অধিনায়ক ধোনি উইকেটে জুজু খোঁজার চেষ্টা করেননি। সোজা-সাপটাই বলে দিয়েছেন, ‘ব্যাটিংই আমাদের ডুবিয়েছে। উইকেট খেলার অনুপযোগী ছিল, এ কথা বললে অন্যায়ই হবে। আমাদের কয়েকজন ব্যাটসম্যান খুব বাজেভাবে আউট হয়েছে।’
১২৭ রানের লক্ষ্যে একটি বড় জুটিই হয়তো যথেষ্ট। কিন্তু ভারতের নামী ব্যাটসম্যানরা একটি জুটিও দাঁড় করাতে পারলেন না। ধোনিও সেটিই বলছেন, ‘আমাদের একটি জুটিও দাঁড়ায়নি। নিউজিল্যান্ডের বোলারদের অবশ্যই কৃতিত্ব আছে। কিন্তু আমাদের ব্যাটসম্যানদের কাছ থেকেও সামর্থ্যের একটু বেশি প্রয়োগ দরকার ছিল। ১২৬ রান ভালো সংগ্রহ ছিল, কিন্তু ধরাছোঁয়ার বাইরের কিছু অবশ্যই নয়।’ সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা।