উইকেটের আগে আকাশে চোখ

‘উইকেট নিয়ে অনেক কথাই হলো। কিন্তু আকাশটা দেখেছেন?’ সংবাদমাধ্যমের সঙ্গে কথা শেষে ড্রেসিংরুমে ফেরার পথে তামিম ইকবাল একবার আকাশের দিকে তাকালেন। কাল দুপুর থেকেই মেঘে ঢাকা মিরপুরের আকাশ। প্রকৃতির বিষয়-আশয় যেহেতু কারও হাতে নেই, তামিম এটি ছেড়ে দিচ্ছেন সময়ের হাতে।
কাল সন্ধ্যায় একপশলা বৃষ্টি হয়েছে মিরপুরে। তার আগেই অবশ্য মাঝ উইকেট ঢাকা হয়েছে কাভারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ ভারতীয় উপকূল অতিক্রম করতে পারে আগামীকাল। তার আগ পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে বলে আভাস। ঢাকা টেস্টের শুরুতে তাই বড় নিয়ামক হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্পিনাররা সাফল্য পাওয়ার পরই প্রশ্নটা উঠছে, ঢাকার উইকেট কি চট্টগ্রামের মতো হবে? বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিজেদের শক্তি অনুযায়ীই উইকেট চাইছে। শক্তি মানে অবশ্যই স্পিনসহায়ক। কিন্তু বৃষ্টির কারণে যদি টানা কদিন কাভারেই ঢাকা থাকে উইকেট, তখন সেটি পুরোপুরি স্পিনবান্ধব হবে কি না সংশয় থেকে যায়। সে ক্ষেত্রে টসটা হয়ে উঠতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমেই বোলিংয়ের সিদ্ধান্ত নিতে পারে টসজয়ী দল। দলে বাড়তি স্পিনার নেওয়ার ভাবনা থেকেও তখন সরে আসতে হতে পারে বাংলাদেশকে।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় খেলা হলে ধরেই নেওয়া হয় খেলা হবে পেসসহায়ক উইকেটে। কিন্তু উপমহাদেশের বিষয়টি ভিন্ন। উইকেট অবধারিতভাবেই এখানে আলোচনায় থাকবে। তামিম অবশ্য মনে করেন, প্রতিটি দলেরই নিজেদের কন্ডিশনের সুবিধা নেওয়ার সুযোগ থাকা উচিত, ‘আমাদের জন্য ভালো, যেটা আমাদের দলের সঙ্গে বেশি মানানসই, আমার মনে হয় তেমন ধরনেরই উইকেট হবে। আমরা তো কখনোই ইংল্যান্ডে গিয়ে স্পিনিং উইকেট আশা করি না। আমরা জানি ওখানে সিমিং কন্ডিশনে খেলা হবে। বাংলাদেশ বা ভারতে খেলা হলেই উইকেট নিয়ে বেশি আলোচনা হয়। আমার মনে হয়, সবারই ঘরের মাঠের সুবিধা নেওয়ার সুযোগ থাকা উচিত।’
উইকেট যেমনই হোক, সেটি কাজে লাগানোই আসল কথা। তামিমের মনোযোগ তাই শুধু মাঠের পারফরম্যান্সে, ‘চট্টগ্রামে আমরা যেমন উইকেট চেয়েছিলাম সেটা পেয়েও হেরেছি। উইকেট যদি মানিয়ে যায় ভালো। তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। উইকেটকে কাজে লাগাতে হবে। কাজে না লাগাতে পারলে উইকেটকে দোষ দিয়ে লাভ নেই।’