উইজডেনের প্রচ্ছদে কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ক্রিকেটের বাইবেল বলা হয় এটাকে। উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের প্রচ্ছদে জায়গা পাওয়াটা তাই যেকোনো ক্রিকেটারের জন্যই দারুণ সম্মানের। এবার সেই সম্মান পেলেন বিরাট কোহলি।
একটি বলে কোহলি রিভার্স সুইপ করছেন—উইজডেনের আগামী সংখ্যার প্রচ্ছদে এভাবেই দেখা যাবে কোহলিকে। অথচ উইজডেনকে মনে করা হয় ক্রিকেটের শুদ্ধতার ধারক ও বাহক। তবে এখন ক্রিকেটে দিনবদলের গান বাজছে। খুব দ্রুত বদলাচ্ছে খেলার কৌশল ও দেখার চোখও। প্রচ্ছদে কোহলির ছবি যেন সেই ব্যাপারটাই সামনে নিয়ে এল। উইজডেনের সম্পাদক লরেন্স বুথও যেমন বলছেন, ‘এই ছবি বোঝাচ্ছে যে কোহলি আপাদমস্তক একজন আধুনিক ক্রিকেটার। আমাদের মনে হয়েছে অপ্রথাগত কাউকে সামনে নিয়ে আসার এটাই সময়। সবাই উইজডেনকে প্রথাগত ঐতিহ্যের ধারক মনে করে। কিন্তু খেলাটা এত দ্রুত বদলাচ্ছে যে এটা তুলে ধরার এটাই সঠিক সময় মনে হয়েছে। আর এর জন্য কোহলিই হচ্ছেন সঠিক ক্রিকেট-ব্যক্তিত্ব।’
গত বছরটা স্বপ্নের মতোই কেটেছে কোহলির। টেস্টে পেয়েছেন তিনটি ডাবল সেঞ্চুরি। তিন সংস্করণ মিলিয়ে ২৫৯৫ রান করেছেন ৮৬.৫০ গড়ে। টেস্ট অধিনায়ক হিসেবে ভারতকে জিতিয়েছেন তিনটি টেস্ট সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারানোর পাশাপাশি নিজেদের মাটিতে ভারত জয় পেয়েছে নিউজিল্যান্ড (৩-০) ও ইংল্যান্ডের (৪-০) বিপক্ষে।
ক্রিকেটের সবচেয়ে পুরোনো এই রেফারেন্স বইয়ের প্রচ্ছদে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে কিংবদন্তি শচীন টেন্ডুলকার জায়গা পেয়েছিলেন ২০১৪ সালে। ২০১৫ সালের প্রচ্ছদে ছিলেন ইংল্যান্ডের মঈন আলী। উইজডেনের সর্বশেষ চারটি সংখ্যায় এ নিয়ে তিনজন এশিয়ান বংশোদ্ভূত ক্রিকেটার প্রচ্ছদে এসেছেন। ক্রিকইনফো।